সয়াবিন তেলের দাম আবারও বাড়ানো হয়েছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বৃদ্ধি করে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,০৪০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৭৯ টাকা করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি বিবেচনায় রেখে দেশে ভোজ্যতেলের দাম সমন্বয় করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। নতুন নির্ধারিত এই দাম তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও উল্লেখ করেন তিনি।



