tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদখেলাব্রাজিল ম্যাচে থাকছে বিরল ৫০০ বছরের পুরোনো ফুটবল

ব্রাজিল ম্যাচে থাকছে বিরল ৫০০ বছরের পুরোনো ফুটবল

ফুটবল ইতিহাসের এক অমূল্য নিদর্শন এবার যাচ্ছে বিশ্বকাপের মঞ্চে। বিশ্বের সবচেয়ে পুরোনো ফুটবল হিসেবে স্বীকৃত প্রায় ৫০০ বছরের পুরোনো একটি বল যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের এক ম্যাচে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবে।

দীর্ঘদিন ধরে স্কটল্যান্ডের স্টার্লিং শহরের স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়ামে সংরক্ষিত এই ঐতিহাসিক বলটি প্রথম পাওয়া যায় স্টার্লিং দুর্গের রানীর শয়নকক্ষে। ওক কাঠের প্যানেলিংয়ের আড়ালে, ছাদের কড়িকাঠের ফাঁকে আটকে থাকা অবস্থায় এটি আবিষ্কৃত হয়। পরবর্তীতে বৈজ্ঞানিক পরীক্ষায় জানা যায়, চামড়ার তৈরি বলটি ১৫৪০ থেকে ১৫৭০ সালের মধ্যে কোনো এক সময়ে নির্মিত হয়েছিল।

শুক্রবার বলটি আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা শুরু করে। মায়ামির কোরাল গেবলস মিউজিয়ামে আয়োজিত ‘ডিপ্লোম্যাসি অ্যান্ড দ্য বিউটিফুল গেম: ফ্রম স্কটল্যান্ড টু ব্রাজিল টু হাইতি’ শীর্ষক প্রদর্শনীর অংশ হিসেবে এটি প্রদর্শিত হবে।

শুধু জাদুঘরেই নয়, আগামী ২৪ জুন ব্রাজিল ও স্কটল্যান্ডের মধ্যকার গ্রুপ পর্বের শেষ ম্যাচেও স্টেডিয়ামে রাখা হবে ঐতিহাসিক এই ফুটবল। ফলে প্রায় পাঁচ শতক আগে তৈরি হওয়া বলটি প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ ম্যাচের পরিবেশ প্রত্যক্ষ করার সুযোগ পাবে।

স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়ামের পরিচালক ক্যারোলিন ম্যাথার্স এ সফরকে প্রতিষ্ঠানটির সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে পুরোনো ফুটবলটি স্টার্লিংয়ের ঐতিহ্যের অংশ। এটি বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে, যা তাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

ম্যাথার্স আরও বলেন, এই নিদর্শন প্রমাণ করে যে সেন্ট্রাল স্কটল্যান্ডের একটি ছোট ও সবার জন্য উন্মুক্ত জাদুঘরেও আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন ঐতিহাসিক সম্পদ সংরক্ষিত থাকতে পারে। বিশ্বমঞ্চে নিজেদের ইতিহাস তুলে ধরার সুযোগ পেয়ে তারা আনন্দিত।

ঐতিহাসিক বলটি তৈরি করা হয়েছিল মোটা চামড়ার কয়েকটি প্যানেল সেলাই করে। বাইরের অংশকে মসৃণ ও বায়ুগতীয় রাখতে সেলাইয়ের পর বলটি উল্টে নেওয়া হয়েছিল। আর ভেতরে ব্লাডার হিসেবে ব্যবহার করা হয়েছিল শুকরের মূত্রথলি।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতিপ্রাপ্ত এই ফুটবল স্কটল্যান্ডের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত হয়। স্মিথ মিউজিয়ামের ৪০ হাজারের বেশি শিল্পকর্ম ও ঐতিহাসিক সংগ্রহের মধ্যে এটিই সবচেয়ে মূল্যবান ও আলোচিত প্রদর্শনীগুলোর একটি।