মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নির্ধারিত শান্তি আলোচনা শেষ মুহূর্তে স্থগিত হওয়ায় স্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুই দেশের প্রতিনিধিদের বৈঠক আপাতত হচ্ছে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্সের।
একই সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার সুইজারল্যান্ড সফরের পরিকল্পনাও বাতিল করেছেন। ফলে যুদ্ধবিরতি ও কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নির্ধারিত বৈঠকটি আপাতত না হলেও শান্তি প্রচেষ্টা এগিয়ে নিতে তারা সহযোগিতা অব্যাহত রাখবে। সম্ভাব্য ভবিষ্যৎ আলোচনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও চালিয়ে যাওয়া হচ্ছে।
অন্যদিকে, আলোচনা স্থগিত হওয়ার বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে তেহরান জানিয়েছিল, বিদ্যমান ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করা হলে তারা কারিগরি পর্যায়ের আলোচনায় অংশ নিতে প্রস্তুত।
গত বৃহস্পতিবার দুই দেশের প্রেসিডেন্ট একটি সমঝোতা স্মারকে ভার্চুয়ালি স্বাক্ষর করেন। এর পরপরই সুইজারল্যান্ডের জেনেভায় চূড়ান্ত চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার কথা ছিল। আলোচনার এজেন্ডায় ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত ছিল। বৈঠকের প্রথম দিনেই মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে অংশ নেওয়ার কথা ছিল ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের।



