বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচগুলো শেষে প্রকাশিত ফিফার অফিসিয়াল পাওয়ার র্যাংকিংয়ে সবার ওপরে জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে ৩-০ গোলের জয় এনে দেওয়ার পর এই স্বীকৃতি পেয়েছেন বিশ্বকাপজয়ী এই তারকা।
ফিফার তথ্যনির্ভর পারফরম্যান্স সূচকে খেলোয়াড়দের অবদান আক্রমণ, সৃজনশীলতা এবং রক্ষণ—এই তিনটি বিভাগে মূল্যায়ন করা হয়। সেই সূচকে আক্রমণভাগে ১০-এর মধ্যে ৮.১৩ রেটিং পেয়ে সবার শীর্ষে অবস্থান করছেন মেসি।
র্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের ফরোয়ার্ড ইলাইজাহ জাস্ট। তিনি পেয়েছেন ৭.৭৪ রেটিং। আর ৭.৪৭ রেটিং নিয়ে তৃতীয় স্থানে আছেন আইভরি কোস্টের উইঙ্গার আমাদ দিয়ালো।
আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের ১৭, ৬০ ও ৭৬ মিনিটে গোল করে আন্তর্জাতিক ফুটবলে নিজের ১১তম হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। একই সঙ্গে এটি ছিল বিশ্বকাপ মঞ্চে তার প্রথম হ্যাটট্রিক।
এই তিন গোলের সুবাদে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬। ফলে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসারের গোলসংখ্যাকে স্পর্শ করেছেন। এর ফলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন যৌথভাবে শীর্ষস্থান ভাগাভাগি করছেন এই দুই তারকা ফুটবলার।



