tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদজাতীয়বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কেনার চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করল বিমান

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কেনার চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করল বিমান

মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চূড়ান্ত চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বোয়িংয়ের মধ্যে এ সংক্রান্ত চুক্তি সই হয়।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। একসঙ্গে এত সংখ্যক উড়োজাহাজ কেনার এ ধরনের চুক্তি দেশের ইতিহাসে প্রথম। তবে চুক্তি অনুযায়ী আগামী কয়েক বছরে ধাপে ধাপে এসব উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হবে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ. হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগি বলেন, এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী হলো। নতুন ৭৮৭-১০ উড়োজাহাজ মধ্যপ্রাচ্যের রুটে এবং ৭৮৭-৯ দীর্ঘ দূরত্বের ইউরোপ ও উত্তর আমেরিকার রুটে পরিচালিত হবে। পাশাপাশি ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজ যুক্ত হওয়ায় স্বল্প দূরত্বের রুটগুলো আরও আধুনিক ও কার্যকর হবে। এসব উড়োজাহাজ আগের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি জ্বালানি সাশ্রয়ী এবং যাত্রীসেবায় উন্নত সুবিধা দেবে।

এর আগে, ইউরোপভিত্তিক নির্মাতা এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার প্রক্রিয়া শুরু করেছিল সাবেক সরকার। তবে দর-কষাকষির মধ্যে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর সেই উদ্যোগ স্থগিত হয়ে যায়।

পরবর্তীতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে বোয়িং থেকে উড়োজাহাজ কেনার প্রক্রিয়া পুনরায় শুরু হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ভারসাম্য সমন্বয়ের প্রেক্ষাপটে বিষয়টি দ্রুত এগোয় এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রাথমিক চুক্তি সম্পন্ন হয়। তারই ধারাবাহিকতায় এবার চূড়ান্ত চুক্তি সই হলো।

চুক্তির আওতায় বিমান মোট ১৪টি উড়োজাহাজ কিনবে। এর মধ্যে রয়েছে ৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং ৪টি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স।

প্রায় ৩৭০ কোটি মার্কিন ডলারের এই চুক্তি বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতে অন্যতম বড় বিনিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ হাজার কোটি টাকার সমপরিমাণ।

বিমান কর্মকর্তারা জানান, নতুন উড়োজাহাজ যুক্ত হলে দীর্ঘ দূরত্বের ফ্লাইট পরিচালনায় সক্ষমতা বাড়বে এবং আঞ্চলিক রুটেও সেবার মান আরও উন্নত হবে।

চুক্তি অনুযায়ী, প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালের অক্টোবর মাসে সরবরাহের কথা রয়েছে। পরবর্তীতে ধাপে ধাপে ২০৩৫ সালের মধ্যে বাকি উড়োজাহাজগুলো হস্তান্তর করা হবে।