tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদজাতীয়দীর্ঘ ১৮ বছর পর জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে : স্পিকার

দীর্ঘ ১৮ বছর পর জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে : স্পিকার

দীর্ঘ ১৮ বছর পর জনগণের সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, এ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিরা জাতীয় সংসদে সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন, যা গণতান্ত্রিক ধারাবাহিকতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সমাপ্তি-সংক্রান্ত ঘোষণা পাঠের মধ্য দিয়ে প্রথম অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

তিনি বলেন, সংসদের সামনে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হলো সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করা, দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করা।

স্পিকার আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয় ১২ মার্চ এবং প্রথম অধিবেশনটি ছিল কার্যক্রমে পরিপূর্ণ। এ অধিবেশনে মোট ২৫টি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ৯৪টি বিল পাস হয়েছে, যার মধ্যে সর্বশেষ দিনে ২টি বিল অনুমোদন পায়। পাশাপাশি ৫টি স্থায়ী কমিটি ও ২টি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

কার্যপ্রণালি বিধির আওতায় বিভিন্ন নোটিশ ও আলোচনার বিষয়ও তুলে ধরেন তিনি। ৬২ বিধিতে ১৬টি নোটিশের মধ্যে ২টির ওপর আলোচনা হয়েছে, ৬৮ বিধিতে ৯টির মধ্যে ১টির ওপর সংক্ষিপ্ত আলোচনা হয়। ৭১ বিধিতে গৃহীত ৩৮টি নোটিশের ওপর বিস্তারিত আলোচনা হয়েছে এবং ৭১(ক) বিধিতে দুই মিনিট করে মোট ২০৭টি বক্তব্য প্রদান করা হয়। এছাড়া ১৬৪ বিধিতে প্রাপ্ত ১৪টি নোটিশের মধ্যে একটি গৃহীত হয়ে সংশ্লিষ্ট কমিটিতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীর উদ্দেশে ৯৩টি প্রশ্নের নোটিশ দেন, যার মধ্যে ৩৫টির উত্তর দেওয়া হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উদ্দেশে ২৫০৯টি প্রশ্নের নোটিশ পাওয়া যায় এবং এর মধ্যে ১৭৭৮টির উত্তর প্রদান করা হয়েছে।

সমাপনী বক্তব্যে স্পিকার সংসদ সদস্যদের গঠনমূলক আলোচনা ও সহনশীল আচরণের প্রশংসা করেন। তিনি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান, মন্ত্রিসভার সদস্য, চিফ হুইপ, হুইপসহ সকল সংসদ সদস্যদের ধন্যবাদ জানান। পাশাপাশি ডেপুটি স্পিকার ও সভাপতিমণ্ডলীর সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সবশেষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে এবং সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।