প্রতারিত ওমরাহ যাত্রীদের দেশে ফেরাতে সরকারের দ্রুত হস্তক্ষেপে কৃতজ্ঞতা জানিয়েছেন ভুক্তভোগীরা। একই সঙ্গে অভিযুক্ত এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে কয়েকটি সুপারিশও তুলে ধরা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রতারিত যাত্রীরা। এ সময় তাদের পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন অ্যাডভোকেট একরামুল কবীর রোমেল।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, ৫৫ জনের একটি দল ‘মাস্ক হজ গ্রুপ’-এর মাধ্যমে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। তবে শুরু থেকেই তারা বিভ্রান্তিকর তথ্যের সম্মুখীন হন, যা পরবর্তীতে বড় ধরনের প্রতারণায় রূপ নেয়।
তাদের অভিযোগ, প্রথমে সৌদি এয়ারলাইন্সে ভ্রমণের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে অন্য একটি এয়ারলাইন্সে পাঠানো হয়। রিটার্ন টিকিট বারবার চাওয়ার পরও সম্পূর্ণ অর্থ পরিশোধের আগে তা দেখানো হয়নি। পরে যে টিকিট দেওয়া হয়, তা দেশে ফেরার সময় ভুয়া বলে প্রমাণিত হয়।
এছাড়া নির্ধারিত সময়ের পরিবর্তে হঠাৎ করেই রোজার ঈদের দিন তাদের যাত্রা করতে বাধ্য করা হয়। সৌদি আরবে পৌঁছানোর পর হোটেল ও খাবার ব্যবস্থাপনাও ছিল নিম্নমানের বলে অভিযোগ করেন তারা।
ভুক্তভোগীরা জানান, ২ এপ্রিলের রিটার্ন টিকিটও ভুয়া হওয়ায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েন। দলে বয়স্ক নারী-পুরুষ ও শিশুও ছিলেন, ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
এ অবস্থায় তারা ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। পরে বিষয়টি জানতে পেরে মন্ত্রী দ্রুত ব্যবস্থা নেন এবং তাদের খাদ্য ও দেশে ফেরার ব্যবস্থা নিশ্চিত করেন।
সরকার ও ধর্ম মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভুক্তভোগীরা বলেন, এই সহযোগিতার জন্য তারা কৃতজ্ঞ। তবে একইসঙ্গে ‘মাস্ক হজ গ্রুপ’-এর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনে ওমরাহ ব্যবস্থাপনা উন্নয়নে তারা কয়েকটি প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে ওমরাহ কার্যক্রমে কঠোর মনিটরিং, বিদেশ যাত্রার আগে রিটার্ন টিকিট বাধ্যতামূলক যাচাই, ইমিগ্রেশন পর্যায়ে ভিসা ও টিকিট পুনঃযাচাই, প্রতারক এজেন্সির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা, ভবিষ্যতে প্রতারণা রোধে কার্যকর পদক্ষেপ এবং যাত্রীদের জন্য একটি কেন্দ্রীয় অনলাইন পোর্টাল চালু করা।



