দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হলে এখন থেকেই বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসতে হবে।
শনিবার (১৩ জুন) বিকেলে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, “আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে, তারা যেন নির্মল পরিবেশে বুক ভরে শ্বাস নিতে পারে—এই দায়িত্ববোধ থেকে প্রত্যেকে যার যেখানে সুযোগ আছে সেখানে অন্তত একটি করে গাছের চারা রোপণ করুন।”
ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত ও নিরাপদ পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে আগামী প্রজন্ম বিশুদ্ধ বাতাসে শ্বাস নেওয়ার সুযোগ পাবে। পাশাপাশি একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
নির্বাচনী প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, “নির্বাচনের আগে আমরা জনগণের কাছে অঙ্গীকার করেছিলাম যে সরকার গঠন করতে পারলে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করব। আমাদের লক্ষ্য প্রতি বছর অন্তত পাঁচ কোটি গাছ রোপণ করা এবং আগামী পাঁচ বছরে মোট ২৫ কোটি গাছের চারা লাগানো।”
তিনি আরও বলেন, “সবাই মিলে কাজ করলে আগামী দিনে বাংলাদেশের বাতাসকে আরও বিশুদ্ধ ও নির্মল করা সম্ভব হবে। পরিবেশ রক্ষায় এটি একটি জাতীয় আন্দোলনে পরিণত হওয়া প্রয়োজন।”
সারাদেশের জেলা প্রশাসকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, নিজ নিজ জেলাকে সবুজ ও পরিবেশবান্ধব অঞ্চলে পরিণত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নে স্থানীয় প্রশাসনকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন ঘোষণা করে আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে আগামী প্রজন্ম মুক্ত ও নির্মল পরিবেশে জীবনযাপন করতে পারবে, ইনশাআল্লাহ।”



