tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদজাতীয়জাতীয়ভাবে ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয়ভাবে ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় কৃষকদের অসামান্য অবদানের স্বীকৃতি দিতে জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৩ জুন) বিকেলে রাজধানীর কেআইবি মিলনায়তনে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ-এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের অর্থনীতির সবচেয়ে সম্ভাবনাময় ও ইতিবাচক খাত হলো কৃষি। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে কৃষি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। কৃষকদের নিরলস পরিশ্রম ও অবদানের প্রশংসা করে তিনি বলেন, তাদের যথাযথ সম্মান ও প্রণোদনা নিশ্চিত করা সময়ের দাবি।

নিজের পারিবারিক পটভূমির কথা তুলে ধরে তিনি বলেন, “আমি কৃষক পরিবারের সন্তান। আমার বাবাও একজন কৃষক ছিলেন। কৃষকদের জীবনসংগ্রাম আমি খুব কাছ থেকে দেখেছি। তাই সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করেছি।” তিনি আরও বলেন, প্রায় দুই দশক আগে কৃষি মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে কৃষি খাত নিয়ে সরাসরি কাজ করার সুযোগ হয়েছিল।

ডিপ্লোমা কৃষিবিদদের উদ্দেশে মন্ত্রী বলেন, দেশের কৃষি ও গ্রামীণ উন্নয়নে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি ও জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু এবং খাল খননের মতো উদ্যোগ সফল করতে মাঠপর্যায়ে ডিপ্লোমা কৃষিবিদদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

তিনি আরও বলেন, স্বল্প বেতনে কর্মরত ডিপ্লোমা কৃষিবিদদের জীবনযাত্রার বাস্তবতা বিবেচনায় নিয়ে তাদের নিজ নিজ জেলায় পদায়নের ব্যবস্থা করা উচিত। এতে তারা আরও দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

আলোচনা সভায় দেশের কৃষি খাতের উন্নয়ন, কৃষকদের মর্যাদা বৃদ্ধি, কৃষি সম্প্রসারণ কার্যক্রম জোরদারকরণ এবং ডিপ্লোমা কৃষিবিদদের পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।