tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়বিশ্বে সপ্তম দুর্বলতম পাসপোর্টের তালিকায় বাংলাদেশ

বিশ্বে সপ্তম দুর্বলতম পাসপোর্টের তালিকায় বাংলাদেশ

বিশ্বে সপ্তম দুর্বলতম পাসপোর্টের তালিকায় আবারও রয়েছে বাংলাদেশের পাসপোর্ট। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ও উত্তর কোরিয়ার পাসপোর্টের নিচে অবস্থান করছে বাংলাদেশ। ভিসা ছাড়াই বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ২২৭টি গন্তব্যের মধ্যে মাত্র ৩৭টিতে ভ্রমণ করতে পারেন।

হেনলি পাসপোর্ট সূচকের ২০২৬ সালের জানুয়ারি সংস্করণে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ সূচক অনুযায়ী, ১০১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৫তম। এর ঠিক ওপরে ৯৪তম স্থানে রয়েছে ফিলিস্তিন ও উত্তর কোরিয়া। এসব দেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ৩৮টি গন্তব্যে ভ্রমণের সুযোগ পান। আগের সংস্করণে বাংলাদেশ ছিল ১০৬টি দেশের মধ্যে ১০০তম অবস্থানে।

এ সূচকে মোট ১০১টি র‌্যাঙ্ক রয়েছে, যেখানে একাধিক দেশ একই অবস্থানে থাকতে পারে। পাসপোর্টধারীরা আগে ভিসা না নিয়ে কতটি দেশে প্রবেশ করতে পারেন—এই মানদণ্ডের ভিত্তিতেই র‌্যাঙ্কিং নির্ধারণ করা হয়।

সূচকের সর্বশেষ সংস্করণ অনুযায়ী, ২০২৬ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের মর্যাদা পেয়েছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা ১৯২টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া—এই দুই দেশের পাসপোর্ট নিয়ে ১৮৮টি দেশে ভিসামুক্ত ভ্রমণ সম্ভব। এর পরেই রয়েছে ইউরোপের পাঁচ দেশ—ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড, যাদের পাসপোর্টধারীরা ১৮৬টি দেশে ভিসা ছাড়া প্রবেশাধিকার পান।

পাসপোর্ট সূচকের সবচেয়ে নিচের পাঁচটি দেশের তালিকায় রয়েছে পাকিস্তান, ইয়েমেন, ইরাক, সিরিয়া ও আফগানিস্তান। এবারের সূচকে ১৯৯টি দেশের পাসপপোর্ট এবং ২২৭টি ভিন্ন ভ্রমণ গন্তব্য বিবেচনায় নেওয়া হয়েছে।

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের, যার অবস্থান ৫২তম। মালদ্বীপের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ৯২টি দেশে ভ্রমণ করতে পারেন। এরপর রয়েছে ভারত (৮০তম), ভুটান (৮৫তম) ও শ্রীলঙ্কা (৯৩তম)। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ৯৫তম অবস্থান নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। এর পরেই নেপাল (৯৬তম), পাকিস্তান (৯৮তম) এবং সর্বশেষ আফগানিস্তান (১০১তম) অবস্থানে রয়েছে।