tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়চতুর্থ দিনে আরও ৫৩ প্রার্থী প্রার্থিতা ফিরে পেলেন

চতুর্থ দিনে আরও ৫৩ প্রার্থী প্রার্থিতা ফিরে পেলেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে করা আপিলের চতুর্থ দিনে নির্বাচন কমিশন (ইসি) আরও ৫৩টি আপিল মঞ্জুর করেছে। এর ফলে ৫৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ আজ বাসসকে এ তথ্য জানান।

তিনি বলেন, চতুর্থ দিনে মোট ৭০টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫৩টি আপিল মঞ্জুর এবং ১৭টি আপিল নামঞ্জুর করা হয়েছে।

ইসির কর্মকর্তারা জানান, এ নিয়ে গত চার দিনে আপিল শুনানি শেষে মোট ২০৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

এর আগে সোমবার নির্বাচন কমিশন ৪১টি আপিল মঞ্জুর করে। ওই দিন ২৪টি আপিল নামঞ্জুর করা হয় এবং ৪টি আপিল আবেদন অপেক্ষমাণ রাখা হয়। পাবনা-২ আসনে নির্বাচনি কার্যক্রম স্থগিত থাকায় ১৬১/২০২৬ নম্বর আপিল আবেদনের শুনানি হয়নি। এছাড়া চট্টগ্রাম-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শাকিলা ফারজানা তার দায়ের করা ১৫৭/২০২৬ নম্বর আপিল আবেদন প্রত্যাহার করে নেন।

গত রোববার ৫৮টি আপিল মঞ্জুর করা হয়। একই দিনে সাতটি আপিল নামঞ্জুর এবং ছয়টি আপিল আবেদন অপেক্ষমাণ রাখা হয়।

এরও আগে শনিবার, প্রথম দিনে ৭০টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫২টি আপিল মঞ্জুর এবং ১৫টি আপিল নামঞ্জুর করা হয়। ওই দিন একজন প্রার্থীর প্রার্থিতা গ্রহণের বিরুদ্ধে করা আপিলও মঞ্জুর হয়।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়াম (বেইজমেন্ট-২)-এ সকাল ১০টা থেকে আপিল শুনানি শুরু হয়। দুপুরে এক ঘণ্টার বিরতির পর বিকেল ৪টা পর্যন্ত শুনানি চলে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণ কমিশন এই শুনানি গ্রহণ করেন।

এদিন ২১১ থেকে ২৮০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হয়।

ইসির পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বাসসকে জানান, গত শনিবার সকাল ১০টা থেকে আপিল শুনানি শুরু হয়েছে, যা আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে।

গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে ৩০০ নির্বাচনী আসনে দাখিল করা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন এবং ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন।