tanaka

ভারতে নানকের কাছে মাসে যায় কোটি টাকা, নেপথ্যে কারা

পলাতক আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের কাছে বাংলাদেশ থেকে নিয়মিত হুন্ডির মাধ্যমে অর্থ পাঠানোর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, বরিশাল ও...
প্রচ্ছদখেলাবিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, জানাল একগুচ্ছ কারণ

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, জানাল একগুচ্ছ কারণ

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে সমর্থনের আবেদন জানিয়েছে নরওয়ে। ঢাকায় অবস্থিত নরওয়ের দূতাবাস এক ব্যতিক্রমধর্মী সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে দুই দেশের বন্ধুত্ব, ইতিহাস এবং বিভিন্ন মিলের কথা তুলে ধরে বাংলাদেশিদের নরওয়ের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত পোস্টটি অল্প সময়েই ব্যাপক সাড়া ফেলে। পোস্টটিতে ফুটবল, সমুদ্র, মাছ ও ভালোবাসার বিভিন্ন ইমোজি ব্যবহার করে বন্ধুত্বপূর্ণ ও প্রাণবন্ত বার্তা দেওয়া হয়, যা নেটিজেনদের দৃষ্টি কাড়ে।

পোস্টে দূতাবাস লিখেছে, ফুটবলের প্রতি ভালোবাসার পাশাপাশি বাংলাদেশ ও নরওয়ের মধ্যে রয়েছে বহু ঐতিহাসিক ও সাংস্কৃতিক মিল। বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দিকের দেশগুলোর মধ্যে ছিল নরওয়ে। এছাড়া আন্তর্জাতিক শান্তি, মধ্যস্থতা এবং জলবায়ু বিষয়ক বিভিন্ন উদ্যোগেও দুই দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

দূতাবাসের ভাষ্য অনুযায়ী, যেহেতু বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিচ্ছে না, তাই ২৮ বছর পর ফুটবলের সবচেয়ে বড় আসরে ফেরা নরওয়ে হতে পারে বাংলাদেশিদের জন্য একটি আদর্শ সমর্থনের দল।

সমর্থনের পক্ষে আরও কয়েকটি কারণও তুলে ধরা হয়। পোস্টে বলা হয়, বাংলাদেশ ও নরওয়ে উভয়ই নদী ও সাগরঘেরা দেশ এবং মাছের প্রতি দুই দেশের মানুষের ভালোবাসাও বেশ পরিচিত। একই সঙ্গে ন্যায়বিচার, সমতা এবং আন্তর্জাতিক সহযোগিতার মতো মূল্যবোধেও দুই দেশের অবস্থান কাছাকাছি।

দূতাবাস আরও উল্লেখ করে, বাংলাদেশ আয়তনের দিক থেকে তুলনামূলক ছোট আর নরওয়ে জনসংখ্যার বিচারে ছোট হলেও বৈশ্বিক পরিসরে দুই দেশের স্বপ্ন ও সম্ভাবনা অনেক বড়।

আর ফুটবলপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে রয়েছে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার Erling Braut Haaland, যিনি নরওয়ে দলের অন্যতম প্রধান ভরসা।

পোস্টের শেষাংশে দূতাবাস বাংলাদেশের উদ্দেশে লিখেছে, “আন্ডারডগদের পাশে দাঁড়ানোর সময় এসেছে। একসঙ্গে বড় স্বপ্ন দেখার সময় এসেছে।”

নরওয়ের এই ব্যতিক্রমী আহ্বান ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে এবং অনেক বাংলাদেশি সমর্থক ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।