দেশের বিমানবন্দর সেবার আধুনিকায়নে সহায়তার আগ্রহ জানিয়েছে সিঙ্গাপুর। অ্যাডভান্সড প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম (এপিআইএস) ও অ্যারোনটিক্যাল রেভিনিউ ম্যানেজমেন্ট সিস্টেম উন্নয়নে সহযোগিতা দিতে চায় দেশটি।
সোমবার (১৮ মে) বিকেলে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ। বৈঠকে তিনি এ আগ্রহের কথা জানান।
হাইকমিশনার বলেন, সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ক্রিমসন ও এন্টারপ্রাইজ বাংলাদেশের বিমানবন্দর কার্যক্রম আধুনিকায়নের অংশ হিসেবে এপিআইএস এবং অ্যারোনটিক্যাল রেভিনিউ ম্যানেজমেন্ট সিস্টেম উন্নয়ন প্রকল্পে কাজ করতে আগ্রহী।
বৈঠকে বিমান পরিবহন ও পর্যটন খাতে সহযোগিতা আরও জোরদারের মাধ্যমে বাংলাদেশ ও সিঙ্গাপুরের দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় দেশের বিমান পরিবহন খাতের ধারাবাহিক উন্নয়নে সিঙ্গাপুরের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহের কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।



