মালয়েশিয়ার পশ্চিম উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত সপ্তাহে ইন্দোনেশিয়াগামী একটি নৌকা পাংকোর দ্বীপের কাছে ডুবে যায়।
মালয়েশিয়ার পেরাক অঙ্গরাজ্যের সামুদ্রিক আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে, গত ১১ মে উপদ্বীপীয় মালয়েশিয়ার পশ্চিম উপকূলে দুর্ঘটনাটি ঘটে। নৌকাডুবির পর ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়।
পেরাকের সামুদ্রিক আইন প্রয়োগকারী সংস্থার পরিচালক মোহাম্মদ শুকারি খোতাব বলেন, নিয়ম অনুযায়ী টানা ছয় দিন অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হয়। নতুন করে কাউকে বা কোনো মরদেহ খুঁজে না পাওয়ায় শনিবার সন্ধ্যা ৭টায় অভিযান সমাপ্ত করা হয়েছে।
তিনি জানান, জীবিত উদ্ধার হওয়া ২৩ জনই ইন্দোনেশিয়ার নাগরিক। তবে নিহত ১৬ জনের সবাই ইন্দোনেশীয় কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কাজের সন্ধানে তারা মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চলে যাচ্ছিলেন। গন্তব্যগুলোর মধ্যে ছিল পেনাং, তেরেংগানু, সেলাঙ্গর ও কুয়ালালামপুর।
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, নৌকাটিতে ৩৭ জন আরোহী ছিলেন। তবে উদ্ধার হওয়া ব্যক্তি ও নিহতদের সংখ্যা মিলিয়ে পরে নিশ্চিত হওয়া যায়, মোট যাত্রী ছিলেন ৩৯ জন।
উদ্ধার অভিযানে সামুদ্রিক আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনী, মেরিন পুলিশ বাহিনী ও স্থানীয় জেলেরা অংশ নেন। তুলনামূলকভাবে সমৃদ্ধ মালয়েশিয়ায় এশিয়ার দরিদ্র অঞ্চলগুলো থেকে আসা বিপুলসংখ্যক অভিবাসী কাজ করেন। তাঁদের অনেকেই নির্মাণ, কৃষি ও অন্যান্য খাতে অবৈধভাবে কর্মরত।
এর আগে, ২০২৫ সালের নভেম্বরে থাই-মালয়েশিয়া উপকূলের কাছে আরেকটি নৌকাডুবির ঘটনায় ৩৬ জন অভিবাসীর প্রাণহানি ঘটে।



