tanaka

নেতানিয়াহু যুদ্ধ শেষ করতে চাননি, দাবি সাবেক ইসরায়েলি জেনারেলের

গাজা যুদ্ধ আরও আগেই শেষ করা সম্ভব ছিল বলে দাবি করেছেন ইসরায়েলের সাবেক মেজর জেনারেল নিতজান অ্যালন। তার অভিযোগ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ দ্রুত শেষ করতে আগ্রহী ছিলেন না।
প্রচ্ছদসারাদেশবিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত পেশাদার টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইএলটি২০-এর পঞ্চম আসরের আগে দল পুনর্গঠন শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। নতুন মৌসুমে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। তবে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে যথাক্রমে এমআই এমিরেটস ও শারজাহ ওয়ারিয়র্স।

আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএলটি২০-এর পঞ্চম আসর। টুর্নামেন্টের অংশগ্রহণকারী দলগুলো ইতোমধ্যে ধরে রাখা ও নতুন করে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে।

গত মৌসুমে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মোস্তাফিজ। বিপিএলের কারণে পুরো মৌসুম খেলতে না পারলেও দেশে ফেরার আগে ৮ ম্যাচে ১৫ উইকেট নেন বাঁহাতি এই পেসার। তাঁর বোলিং গড় ছিল ১৫.৫৩ এবং স্ট্রাইক রেট ১১.৫০। টুর্নামেন্ট শেষে বোলারদের তালিকায় সেরা পাঁচেও ছিলেন তিনি।

এই পারফরম্যান্সের পর মোস্তাফিজকে ধরে রাখতে খুব বেশি ভাবতে হয়নি দুবাই ক্যাপিটালসকে। দলটিতে আরও থাকছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার রভম্যান পাওয়েল। নতুন চুক্তিতে দুবাইয়ে যোগ দিয়েছেন মার্কাস স্টয়নিস ও নুর আহমেদ।

অন্যদিকে, গত মৌসুমে এমআই এমিরেটসের হয়ে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি সাকিব আল হাসান। ৮ ম্যাচে ৫ ইনিংসে ব্যাট করে ১১৫ রান করেন তিনি। তাঁর স্ট্রাইক রেট ছিল ১২২.৩৪। বল হাতে ৮ ম্যাচে পেয়েছেন মাত্র ৩ উইকেট। ফলে নতুন মৌসুমের জন্য তাঁকে ধরে রাখেনি এমআই এমিরেটস।

তাসকিন আহমেদও এবার শারজাহ ওয়ারিয়র্সে থাকছেন না। আইএলটি২০-তে নিজের প্রথম মৌসুমে ৬ ম্যাচে ১৫.৪৪ গড়ে ৯ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের এই পেসার। তবে ভালো পারফরম্যান্সের পরও তাঁকে ধরে রাখার তালিকায় রাখেনি শারজাহ।

শারজাহ ওয়ারিয়র্স এবার শুধু সিকান্দার রাজাকে ধরে রেখেছে। নতুন চুক্তিতে দলে যোগ দিয়েছেন অ্যাডাম মিলনে, জেমস ভিন্স ও ওয়াকার সালামখিল।

এদিকে আইএলটি২০-এর নতুন মৌসুমে প্রথমবার দেখা যাবে দক্ষিণ আফ্রিকার দুই তারকা ব্যাটার হেনরিখ ক্লাসেন ও ডেভিড মিলারকে। দুজনকেই দলে নিয়েছে গালফ জায়ান্টস। আর আবুধাবি নাইট রাইডার্সের হয়ে আইএলটি২০ অভিষেক হবে নিউজিল্যান্ডের ফিন অ্যালেনের।

আগামী ১ অক্টোবর দুবাইয়ে অনুষ্ঠিত হবে আইএলটি২০-এর ক্রিকেটার নিলাম। নিলামের মাধ্যমে দলগুলো সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ২৩ জন ক্রিকেটার নিয়ে স্কোয়াড সাজাতে পারবে। এরপর ওয়াইল্ডকার্ড নিয়মে প্রতিটি দল আরও একজন ক্রিকেটারকে দলে নিতে পারবে।