tanaka
প্রচ্ছদসারাদেশঘূর্ণিঝড় আকভানের প্রভাবে মনপুরায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বেড়েছে শীতের তীব্র

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে মনপুরায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বেড়েছে শীতের তীব্র

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরার উপকূলীয় এলাকায় বিরাজ করছে বৈরী আবহাওয়া। থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পাশাপাশি আকাশ মেঘে ঢেকে থাকায় পুরো এলাকায় নেমে এসেছে অন্ধকার। বেলা বাড়লেও সূর্যের দেখা মিলছে না। এর সঙ্গে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় জনজীবনে দুর্ভোগ তৈরি হয়েছে।

গত দুই দিন ধরে উপকূলজুড়ে এমন আবহাওয়া বিরাজ করছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। বৃষ্টির কারণে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হওয়ায় অনেক কায়িক শ্রমজীবী মানুষ কাজ পাচ্ছেন না। ফলে কর্মহীন অবস্থায় দিন কাটাতে হচ্ছে তাদের।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১২টার পরও মনপুরায় সূর্যের দেখা মেলেনি। মাঝেমধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বইছে ঠান্ডা বাতাস। এতে উপকূলীয় এলাকায় শীতের অনুভূতি আরও বেড়েছে।

এদিকে রামনেওয়াজ লঞ্চঘাটের মনপুরা-নোয়াখালী নৌপথে চলাচলকারী সি-ট্রাকের সুপারভাইজার রিপন জানান, নৌপথে কোনো সংকেত না থাকায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী সি-ট্রাক চলাচল করছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে যাত্রীসংখ্যা ছিল তুলনামূলক কম।

অন্যদিকে হাজীরহাট সি-ট্রাক ঘাট ও জনতা লঞ্চঘাট থেকেও যাত্রীবাহী লঞ্চ এবং ট্রলার চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ঘাটের সুপারভাইজাররা।

ভোলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের মধ্যে ভারতের ওডিশা রাজ্যের গোপালপুরের কাছাকাছি উপকূলে আঘাত হানার কথা রয়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর। বঙ্গোপসাগর থেকে অগ্রসর হওয়ার পথে ঘূর্ণিঝড়টি কিছুটা শক্তি হারিয়ে অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে।