tanaka
প্রচ্ছদজাতীয়ডিএফসির অর্থায়নে বাংলাদেশের সাত খাতে খুলছে বিদেশি বিনিয়োগের নতুন দুয়ার

ডিএফসির অর্থায়নে বাংলাদেশের সাত খাতে খুলছে বিদেশি বিনিয়োগের নতুন দুয়ার

বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন সংস্থা ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এর ফলে জ্বালানি, অবকাঠামো, প্রযুক্তি ও টেলিযোগাযোগ, কৃষি, স্বাস্থ্যসেবা, আর্থিক সেবা এবং গুরুত্বপূর্ণ খনিজসম্পদ—এই সাতটি অগ্রাধিকার খাতে বিনিয়োগের জন্য আবেদন করার সুযোগ তৈরি হয়েছে।

সম্প্রতি বাংলাদেশকে অর্থায়নের যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে ডিএফসি। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে শ্রমিক অধিকার, সংগঠন করার স্বাধীনতা এবং কর্মক্ষেত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বাংলাদেশ এ যোগ্যতা অর্জন করতে পারেনি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, শ্রমবান্ধব নীতি গ্রহণ এবং শ্রম আইন প্রণয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ এ যোগ্যতা অর্জন করেছে। এর ফলে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরসহ বিভিন্ন খাতে মার্কিন বিনিয়োগের সম্ভাবনা বাড়বে।

ডিএফসির অর্থায়ন কাঠামোর আওতায় সরাসরি ঋণ, ইকুইটি বিনিয়োগ, ঋণের গ্যারান্টি এবং রাজনৈতিক ঝুঁকির বিমাসহ ছয় ধরনের আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে। এসব সুবিধা ব্যবহার করে নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি বেসরকারি খাতে বিদেশি পুঁজি আনার পথও সহজ হতে পারে।

জ্বালানি ও অবকাঠামো খাতে বড় সম্ভাবনা

বাংলাদেশের বিনিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র জ্বালানি খাত। বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি সরবরাহ এবং পরিবহণ অবকাঠামোর উন্নয়নে বড় অঙ্কের অর্থ প্রয়োজন। ডিএফসির অর্থায়ন পাওয়া গেলে নতুন বিদ্যুৎ ও জ্বালানি প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি বিদ্যমান অবকাঠামোর সক্ষমতা বাড়ানো সম্ভব হতে পারে।

অন্যদিকে বন্দর, সড়ক যোগাযোগ, পণ্য পরিবহণ এবং সরবরাহব্যবস্থার আধুনিকায়নেও বিনিয়োগের বড় সুযোগ রয়েছে। ডিএফসির সর্বোচ্চ ২৫ বছর মেয়াদি ঋণ এবং ঋণের গ্যারান্টি সুবিধা দীর্ঘমেয়াদি অবকাঠামো প্রকল্পের অর্থায়ন সংগ্রহে সহায়ক হতে পারে।

প্রযুক্তি ও টেলিযোগাযোগে বাড়বে বিনিয়োগের সুযোগ

ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণ, টেলিযোগাযোগ নেটওয়ার্কের আধুনিকায়ন এবং প্রযুক্তিনির্ভর সেবার উন্নয়নেও ডিএফসির অর্থায়ন কাজে লাগানো যেতে পারে। এ ক্ষেত্রে মার্কিন প্রযুক্তি ও টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

কৃষি ও স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগ

কৃষি ও খাদ্যনিরাপত্তা খাতও ডিএফসির অগ্রাধিকার তালিকায় রয়েছে। কৃষিপণ্যের উৎপাদন বাড়ানো, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং সরবরাহব্যবস্থার উন্নয়নে অর্থায়ন পাওয়া যেতে পারে। এতে কৃষিভিত্তিক শিল্পের সম্প্রসারণ এবং খাদ্য সরবরাহব্যবস্থায় বেসরকারি বিনিয়োগ বাড়ার সুযোগ তৈরি হবে।

স্বাস্থ্যসেবা খাতেও রয়েছে বিনিয়োগের সম্ভাবনা। হাসপাতাল নির্মাণ, চিকিৎসা অবকাঠামোর উন্নয়ন, স্বাস্থ্যপ্রযুক্তি এবং আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণে বেসরকারি প্রতিষ্ঠানগুলো ডিএফসির অর্থায়ন কাজে লাগাতে পারে।

আর্থিক সেবা ও গুরুত্বপূর্ণ খনিজসম্পদে গুরুত্ব

আর্থিক সেবা খাতে নতুন উদ্যোগ, আর্থিক প্রযুক্তির উন্নয়ন এবং বেসরকারি প্রতিষ্ঠানের মূলধন সংগ্রহে ডিএফসির অর্থায়ন সহায়ক হতে পারে। বিশেষ করে প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার সম্প্রসারণে এ সুযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ ছাড়া গুরুত্বপূর্ণ খনিজসম্পদ খাতেও বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। বিশ্ববাজারে এসব খনিজের চাহিদা বাড়তে থাকায় অনুসন্ধান, উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণে নতুন প্রকল্প গ্রহণের সুযোগ তৈরি হতে পারে। বৈশ্বিক সরবরাহব্যবস্থায় গুরুত্বপূর্ণ খনিজের ভূমিকা বিবেচনায় এ খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ডিএফসি।

অর্থায়ন পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত

তবে ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জন করলেই সব প্রকল্পে অর্থ পাওয়া নিশ্চিত নয়। প্রতিটি প্রস্তাবিত প্রকল্পকে সংস্থাটির নির্ধারিত পরিবেশগত ও সামাজিক মানদণ্ড পূরণ করতে হবে। পাশাপাশি প্রকল্পের উন্নয়নমূলক প্রভাব, বিনিয়োগকারীর অভিজ্ঞতা এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও মূল্যায়ন করা হবে।

ডিএফসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ৪০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে সংস্থাটি। বাংলাদেশের জন্য এখন সাতটি অগ্রাধিকার খাতে এই অর্থায়ন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সম্ভাবনাকে বাস্তব বিনিয়োগে রূপ দিতে উপযুক্ত প্রকল্প তৈরি, বিনিয়োগকারী আকৃষ্ট করা এবং সংস্থাটির নির্ধারিত শর্ত পূরণ করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।