নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ব্যাটারিচালিত একটি অটোরিকশা ছিনতাইয়ের সময় দুই ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা। রবিবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
অটোরিকশার মালিক হচ্ছেন রোয়াইলবাড়ী ইউনিয়নের তাঁতিপাড়া গ্রামের মর্তুজ আলীর ছেলে আজিজুল হাকিম। ছিনতাইকারীরা যাত্রী সেজে তার অটোরিকশা ভাড়া নেয়। তারা হলেন—ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বরইত গ্রামের মিরাজ আলীর ছেলে রিয়াজ উদ্দিন (৪০) এবং নেত্রকোনা সদর উপজেলার ধরনবালি গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো. আলী (২২)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পরিকল্পিতভাবে অটোরিকশায় উঠেই তারা মালিক আজিজুল হাকিমকে নেশাজাতীয় পদার্থ মেশানো জুস খাওয়ান। পরে রোয়াইলবাড়ী-সাহিতপুর সড়কের চেংজানা গ্রামের জলিলের পুকুর পাড়ে পৌঁছালে তাকে রিকশা থেকে ফেলে দেন। তবে আজিজুল পুরোপুরি অচেতন না হওয়ায় চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে চেংজানা গ্রামের ইউপি সদস্য জুয়েলের সহায়তায় সাহিতপুর বাজারে দুজন ছিনতাইকারীকে আটক করা হয়।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, “অটোরিকশাসহ ছিনতাইকারীদের আটক করে পুলিশকে খবর দেওয়া হলে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসি। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে তাদের নেত্রকোনা আদালতে পাঠানো হবে। ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”



