গণভোটে জনগণের দেওয়া রায় সরকার মেনে নিলে বিরোধী দল হিসেবে সরকারের সব কাজে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নে সরকার উদ্যোগ নিলে রাজনৈতিক সংকট নিরসনের পাশাপাশি জনগণের আস্থাও পুনরুদ্ধার করা সম্ভব হবে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে সকাল ১১টায় দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতা, জনগণের জানমালের নিরাপত্তা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। একটি গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল এবং সংসদের প্রধান বিরোধী দল হিসেবে এসব পরিস্থিতিতে নিজেদের করণীয় ও জনগণের প্রতি বার্তা নির্ধারণ করতেই কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক হয়েছে।
তিনি অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারির গণভোটে জনগণের দেওয়া রায় উপেক্ষা করে সরকার একদলীয় কর্তৃত্ববাদী মানসিকতায় দেশ পরিচালনার দিকে এগোচ্ছে। তার মতে, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল এবং বিভিন্ন দল এতে স্বাক্ষর করেছিল। পরবর্তী সময়ে গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সনদের পক্ষে মত দিয়েছেন। কিন্তু ক্ষমতাসীন দল সেই জনরায় উপেক্ষা করছে।
গোলাম পরওয়ার বলেন, প্রায় পাঁচ কোটি মানুষের মতামতকে গুরুত্ব না দেওয়ায় সরকারের প্রতি জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি সনদে সম্মতি দেওয়ার পর ক্ষমতায় গিয়ে সেটি অস্বীকার করা রাজনৈতিক দ্বিচারিতার শামিল। সরকার গণভোটের সিদ্ধান্ত মেনে নিলে বর্তমান রাজনৈতিক সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতা ও অস্থিতিশীলতার ঘটনায় উদ্বেগ জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর গোপালগঞ্জ, ফরিদপুর, ভাঙ্গা, নড়াইল ও পিরোজপুরসহ বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা ঘটছে। মহাসড়কে গাছ কেটে ও সড়ক অবরোধ করে যান চলাচলে বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন স্থানে যানবাহনে তল্লাশির নামে মানুষকে মারধর, অগ্নিসংযোগ এবং বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগ পাওয়া যাচ্ছে। এমনকি জামায়াতের সংসদ সদস্যদের বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, কোথাও কোথাও মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলা এবং থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটছে। পুলিশের ওপর হামলা ও তাদের যানবাহন ভাঙচুর করা হচ্ছে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্বাভাবিক দায়িত্ব পালন বাধাগ্রস্ত হচ্ছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে বক্তব্য দিয়েছেন। সরকারের বক্তব্যের সঙ্গে মাঠপর্যায়ের পরিস্থিতির মিল নেই বলে মন্তব্য করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি স্থাপনা সুরক্ষার দায়িত্ব সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সরকার সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছে না বলে তারা মনে করছেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রের সাংবিধানিক অভিভাবক হিসেবে রাষ্ট্রপতির ভূমিকা নেওয়া প্রয়োজন।
আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ
প্রশাসনের দুর্বলতা এবং একটি অংশের পরিকল্পিত কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন জামায়াতের এই নেতা। তার দাবি, প্রশাসন, পুলিশ, বিচার বিভাগসহ সাংবিধানিক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এখনো ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা রয়েছেন। সীমান্তের ওপার থেকে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের দেশে প্রবেশের খবরও পাওয়া যাচ্ছে। এসব ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ফ্যাসিবাদবিরোধী অবস্থান বজায় রাখতে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের মাটিতে যেন আর কখনো ফ্যাসিবাদের জায়গা না হয়, সে লক্ষ্যেই ডিসেম্বরজুড়ে কর্মসূচি পালন করবে জামায়াত।
আগামী ২১ তারিখ শনিবার রাজধানীতে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল আয়োজনের ঘোষণা দেন তিনি। মাসব্যাপী অন্যান্য কর্মসূচির বিস্তারিত পরবর্তী সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। একই সঙ্গে দেশের রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি নিয়ে মাঠে থাকার আহ্বান জানান। সাধারণ মানুষকে শান্ত থাকার পাশাপাশি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদী হওয়ারও অনুরোধ করেন তিনি।
গণভোটের রায় বাস্তবায়নে সংসদে সমাধানের প্রত্যাশা
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলের অবস্থান ব্যাখ্যা করে গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় কার্যকরের দাবিতে ইতোমধ্যে লংমার্চ, সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে জামায়াত। রাজধানী থেকে করিমগঞ্জ পর্যন্ত লংমার্চের মাধ্যমেও জনমত গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। জনগণ গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়নের পক্ষে রয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, বুধবার সংসদের শেষ কার্যদিবস। তাই প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যে জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে তৈরি হওয়া সংকট সমাধানের বিষয়ে একটি সুস্পষ্ট বার্তা প্রত্যাশা করছে দেশবাসী। রাজপথে সংঘাতের পরিবর্তে সংসদের ভেতরেই রাজনৈতিক সংকটের সমাধান হওয়া উচিত।
গোলাম পরওয়ারের ভাষ্য, সরকার শুধু ঘোষণা দিক যে গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষের দেওয়া রায় তারা মেনে নিয়েছে। এমন ঘোষণা এলে জামায়াত তাদের চলমান সব কর্মসূচি প্রত্যাহার করবে। এরপর গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নে সরকার ও বিরোধী দল সংসদীয় প্রক্রিয়ায় একসঙ্গে কাজ করতে পারবে।
তবে গণভোটের রায় মেনে নেওয়াকে সরকারের সঙ্গে সহযোগিতার আনুষ্ঠানিক শর্ত হিসেবে দেখছেন না বলে স্পষ্ট করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, সরকার কিংবা সরকারি দলের পক্ষ থেকে জামায়াতের কাছে আনুষ্ঠানিকভাবে সহযোগিতার কোনো প্রস্তাব আসেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্য প্রচারিত হলেও সেগুলোকে আনুষ্ঠানিক প্রস্তাব বলা যায় না। সরকার গণভোটের রায় মেনে জনগণের আস্থা ফিরিয়ে আনুক। রাজনৈতিক সংকটের সমাধান হলে অন্যান্য সমস্যাও মোকাবিলা করা সহজ হবে।
গার্মেন্টস খাতের অস্থিরতা নিয়েও উদ্বেগ
তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির পাশাপাশি শিল্প খাতে সহিংসতা সৃষ্টির পেছনে উসকানির বিষয়ও রয়েছে বলে তারা মনে করেন। একটি পক্ষ দেশের শিল্প ও অর্থনীতি ধ্বংসের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি পোশাকশিল্পের নিরাপত্তা রক্ষায় মালিকপক্ষের প্রতি আহ্বান জানান গোলাম পরওয়ার। তিনি বলেন, শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, আর শিল্প বাঁচলেই দেশ বাঁচবে। তাই শ্রমিকদের ন্যায্য দাবি ও শিল্পের স্বার্থের মধ্যে ভারসাম্য রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। গার্মেন্টস খাতের অস্থিরতা নিরসনে জামায়াত সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি।
বিএনপির সঙ্গে যৌথ কর্মসূচি প্রসঙ্গে যা বললেন
আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জামায়াতের অবস্থান জানতে চাইলে গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কোনো উদ্যোগে তাদের সমর্থন নেই। বরং সরকার দলটিকে দেশে ফিরিয়ে আনার জন্য কোনো ব্যবস্থা নিচ্ছে কি না, সে বিষয়ে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
বিএনপির সঙ্গে একযোগে রাজপথে কর্মসূচি পালনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, জামায়াত ও বিএনপি পৃথক রাজনৈতিক দল। বিএনপি সরকার পরিচালনা করছে, আর জামায়াত বিরোধী দলের দায়িত্বে রয়েছে। তবে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণের সঙ্গে জামায়াত ঐক্যবদ্ধ রয়েছে। সংসদ ও রাজপথে নিজ নিজ অবস্থান থেকে তারা কাজ করছেন। এ বিষয়ে নতুন করে কোনো অবস্থান ঘোষণার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমানসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্য।



