বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে দলটির পরবর্তী মহাসচিব কে হবেন—এ নিয়ে বিএনপির ভেতরে ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এ ক্ষেত্রে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নাম আলোচনায় রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলীয় সূত্রের দাবি, মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে তিনি মহাসচিবসহ বিএনপির দলীয় সব পদ থেকে পদত্যাগ করতে পারেন। এমন পরিস্থিতিতে পরবর্তী মহাসচিব হিসেবে রিজভীর সম্ভাবনাকে এগিয়ে রাখছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
দীর্ঘদিন ধরে বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় রিজভীর দলের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রয়েছে। দলীয় কর্মসূচি, সংবাদ সম্মেলন ও রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ডেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। দলটির পরবর্তী মহাসচিব নির্বাচনের সিদ্ধান্ত বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও দলের নীতিনির্ধারকদের ওপর নির্ভর করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ বিষয়ে রুহুল কবির রিজভী বলেন, মহাসচিব পদ নিয়ে কী আলোচনা হচ্ছে, তা তার জানা নেই। তিনি দলের প্রতি পূর্ণ আনুগত্য নিয়ে দায়িত্ব পালন করছেন। দলের নেতৃত্ব তাকে যে দায়িত্ব দেবে, সেটিই তিনি পালন করবেন বলেও জানান।
এর আগে বিএনপির মহাসচিব হওয়ার সম্ভাব্য তালিকায় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও আমির খসরু মাহমুদ চৌধুরীর নামও আলোচনায় ছিল। বর্তমানে তারা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকায় সাংগঠনিক পর্যায়ে তাদের ব্যস্ততা বেড়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
অন্যদিকে, রিজভী বর্তমানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের পাশাপাশি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। সাম্প্রতিক সময়েও তিনি দলীয় ও সরকারি বিভিন্ন বিষয়ে নিয়মিত বক্তব্য দিয়ে আসছেন।
সব মিলিয়ে মির্জা ফখরুলের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে রিজভীর নাম আলোচনায় থাকলেও বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা দেওয়া হয়নি।



