এসএসসি পরীক্ষার ফল প্রকাশের এক দিন আগে মারা গেছে হবিগঞ্জের বাহুবল উপজেলার ১৬ বছর বয়সী শিক্ষার্থী কাজী রেজা। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে ৪ দশমিক ১১ জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছে সে। তবে ফলাফল প্রকাশের আগেই তার মৃত্যু হওয়ায় নিজের ফলাফল দেখে যেতে পারেনি রেজা।
রোববার (৯ আগস্ট) দুপুরে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হওয়ার পর তার মৃত্যু হয়। রেজা বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চক্রামপুর গ্রামের কাজী আলফু মিয়ার ছেলে। সে উপজেলার সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, রোববার দুপুরে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে রেজা অসুস্থ হয়ে পড়ে। কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, শিক্ষক, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের পরিবেশ সৃষ্টি হয়।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় চক্রামপুর গ্রামের নিজ বাড়িতে রেজার জানাজা অনুষ্ঠিত হয়।
এদিকে সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর রেজার কৃতকার্যের খবর আসে। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্বজনদের মধ্যে একদিকে যেমন তার ফলাফলের সন্তুষ্টি তৈরি হয়েছে, অন্যদিকে তাকে হারানোর শোক আরও গভীর হয়েছে।
সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক নাসির উদ্দিন বলেন, রেজা অত্যন্ত নম্র ও ভদ্র স্বভাবের শিক্ষার্থী ছিল। তার আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা শোকাহত।



