tanaka

যুদ্ধপূর্ব অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: ইরানের উপ-স্পিকার

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আর যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির (পার্লামেন্ট) উপ-স্পিকার আলী নিকজাদ। ইরানের বার্তা সংস্থা মেহের...
প্রচ্ছদরাজনীতিবিএনপি ‘খেয়াল-খুশিমতো’ দেশ পরিচালনা করছে: জামায়াত আমির

বিএনপি ‘খেয়াল-খুশিমতো’ দেশ পরিচালনা করছে: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, বিএনপি সরকার গঠন করে নিজেদের মতো করে দেশ পরিচালনা করছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজাহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে তারা উত্তরাঞ্চলের বৃহত্তর রংপুরকে কৃষির রাজধানী করার কথা বলেছিলেন। তবে জামায়াতে ইসলামী সরকার গঠন করতে না পারায় বিএনপি সরকার গঠন করেছে এবং তাদের মতো করে দেশ পরিচালনা করছে।

তিনি আরও বলেন, উত্তরাঞ্চলের মানুষ জামায়াত ও জাতীয় পার্টিকে ভোট দেওয়ায় বর্তমান সরকারের একজন জ্যেষ্ঠ নেতা এ অঞ্চলকে দীর্ঘদিন পিছিয়ে রাখার কথা বলেছেন বলে তিনি দাবি করেন।

সমাবেশে জামায়াত আমির বোনারপাড়ায় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের দুই নেতার নিহত হওয়ার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি দাবি করেন, নিহতরা কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না। দেশে ‘খুনের রাজনীতি’ প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, ক্ষমতার লোভ ও দখলদারির কারণে দেশে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে এবং হত্যাকাণ্ড বাড়ছে। পরিস্থিতির পরিবর্তন না হলে দলীয় নেতাকর্মীদের আবারও রাজপথে নামতে হতে পারে উল্লেখ করে তিনি ২০২৪ সালের আন্দোলনের মতো প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি ‘সোনার বাংলাদেশ’ গড়তে চায়, যেখানে নারীসহ সব ধর্মের মানুষ নিরাপদে বসবাস করতে পারবেন। একই সঙ্গে তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে চুরি, ডাকাতি, হত্যাকাণ্ড, ছিনতাই, ধর্ষণ ও চাঁদাবাজি বেড়েছে বলে দাবি করেন। এসব অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।

এর আগে ডা. শফিকুর রহমান নিহত জামায়াত-শিবিরের নেতার কবর জিয়ারত করেন এবং নিহতের স্বজনদের সঙ্গে মতবিনিময় করেন।

গাইবান্ধা-৫ আসনের জামায়াতের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়ারেস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ সাহাবুদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, সংসদ সদস্য মো. আবদুল করিম, সংসদ সদস্য মাজেদুর রহমান, সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলামসহ স্থানীয় নেতারা।