বাংলাদেশ-ভারত সীমান্তের অলাভজনক তিনটি স্থলবন্দর বন্ধ এবং একটি স্থলবন্দরের কার্যক্রম স্থগিত করার প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপদেষ্টা পরিষদের ৪০তম বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন চিলাহাটি, দৌলতগঞ্জ ও তেগামুখ স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে বাল্লা স্থলবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন দায়িত্ব গ্রহণের পর দেশের বিভিন্ন স্থলবন্দর পরিদর্শন করেন এবং অলাভজনক ও অকার্যকর স্থলবন্দরগুলোর কার্যকারিতা যাচাইয়ে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের নির্দেশ দেন।
এরই ধারাবাহিকতায়, গত ৬ নভেম্বর আটটি অলাভজনক ও অকার্যকর স্থলবন্দর যাচাই করতে নৌপরিবহন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি সরেজমিনে পরিদর্শন শেষে প্রতিবেদন জমা দেয়, যার ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



