বাংলাদেশ ব্যাংকের পরিচালনায় বড় ধরনের রদবদল আনা হয়েছে। চারজন পরিচালক ও একজন অতিরিক্ত পরিচালককে নতুন দায়িত্বে বদলি করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, পরিচালক মো. জবদুল ইসলাম হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ থেকে বদলি হয়ে আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগে যোগ দিচ্ছেন। তার স্থলে পরিচালক মো. শহিদ রেজা আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগ থেকে বদলি হয়ে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এ দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্টরা জানান, এ রদবদলের মাধ্যমে দুই বিভাগের অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতার সমন্বয় ঘটবে।
এছাড়া পরিচালক মো. বায়েজিদ সরকার ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে বদলি হয়ে মতিঝিল অফিসে ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক (কারেন্সি) হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি সেখানে মুদ্রা ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট নীতিগত কার্যক্রম তদারকি করবেন।
অন্যদিকে, পরিচালক গাজী মো. মাহবুবুল ইসলাম মতিঝিল অফিস থেকে বদলি হয়ে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১-এ যোগ দিচ্ছেন। নতুন দায়িত্বে তিনি নীতি প্রণয়ন ও নিয়ন্ত্রক কার্যক্রমে ভূমিকা রাখবেন।
অতিরিক্ত পরিচালক মো. কামরুল ইসলাম গভর্নর অফিস থেকে বদলি হয়ে সদরঘাট অফিসে দায়িত্ব পালন করবেন। এ বদলির ফলে সদরঘাট অফিসের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল হবে বলে আশা করা হচ্ছে।
অফিস আদেশে বলা হয়েছে, এসব বদলি অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান দফতরের দায়িত্ব বুঝিয়ে দিয়ে দ্রুত নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।



