দেশে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫৩ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। ইএমএসসি ওয়েবসাইট অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাংগাই অঞ্চলের মনিওয়া শহর থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এবং মাওলাইক শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। অবস্থান ২৩.০৪১১° উত্তর অক্ষাংশ ও ৯৪.৭২৬৮° পূর্ব দ্রাঘিমাংশে, ভূপৃষ্ঠ থেকে গভীরতা ১০১ কিলোমিটার।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কম্পন অনুভূত হয়েছে। বনশ্রী, সবুজবাগ, মগবাজার ও মালিবাগের বাসিন্দারা কম্পনের খবর নিশ্চিত করেছেন। কম্পন অনুভূত হওয়ায় মানুষ ঘরবাড়ি থেকে বেরিয়ে এসেছে।
সিলেটেও ভূমিকম্প অনুভূত হয়েছে, যেখানে নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এছাড়া কক্সবাজার ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায়ও কম্পন ধরা পড়েছে। তবে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।



