tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকইসরায়েলে পৌঁছাল যুক্তরাষ্ট্রের ১২টি এফ-২২ স্টিলথ যুদ্ধবিমান

ইসরায়েলে পৌঁছাল যুক্তরাষ্ট্রের ১২টি এফ-২২ স্টিলথ যুদ্ধবিমান

ইসরায়েল-ইরান উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের ১২টি এফ-২২ স্টিলথ যুদ্ধবিমান ইসরায়েলের একটি বিমানঘাঁটিতে অবতরণ করেছে। এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট  বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়, উচ্চগতির সক্ষমতা, অত্যাধুনিক রাডার এড়ানোর প্রযুক্তি এবং শত্রুপক্ষকে বিভ্রান্ত করার ক্ষমতার কারণে এফ-২২ র‌্যাপ্টরকে বিশ্বের অন্যতম আধুনিক ও কার্যকর যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করা হয়। সামরিক প্রযুক্তিতে এগিয়ে থাকার কৌশলের অংশ হিসেবে এই যুদ্ধবিমান যুক্তরাষ্ট্র অন্য কোনো দেশের কাছে বিক্রি করে না।

স্থল লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলার পাশাপাশি ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনাতেও এফ-২২ অত্যন্ত দক্ষ। আকাশযুদ্ধে আধিপত্য প্রতিষ্ঠার জন্য এটি বিশেষভাবে তৈরি।

গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে বিমানবাহী রণতরী ও যুদ্ধজাহাজের বড় বহর মোতায়েন করা হয়েছে। সেই প্রেক্ষাপটেই এবার যুক্ত হলো এফ-২২ স্টিলথ যুদ্ধবিমান।

এদিকে আগামী কয়েক দিনের মধ্যে সুইজারল্যান্ডের জেনেভা শহরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকদের মতে, সম্ভাব্য সামরিক সংঘাত এড়াতে এটিই হতে পারে গুরুত্বপূর্ণ সুযোগ। তবে আলোচনায় অগ্রগতি না হলে উত্তেজনা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, কোনো সামরিক অভিযান শুরু হলে তা প্রথমে সীমিত আকারে হতে পারে। পরবর্তীতে পরিস্থিতির ওপর নির্ভর করে পরিধি বাড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ইসরায়েলি এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র যে সামরিক সক্ষমতা জড়ো করেছে, তা দিয়ে টানা কয়েক দিন তীব্র হামলা চালানো সম্ভব।

সূত্র: জেরুজালেম পোস্ট