বাংলাদেশকে বাদ দিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের পরিবর্তে টুর্নামেন্টে খেলবে স্কটল্যান্ড—এমনটাই জানিয়েছে ক্রিকেটবিষয়ক পোর্টাল ক্রিকবাজ।
প্রতিবেদনে বলা হয়, কয়েক দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময়সীমা দিয়েছিল আইসিসি। নির্ধারিত সময়ের মধ্যে আইসিসির নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক দাবিগুলো থেকে সরে না আসায় শনিবার (২৪ জানুয়ারি) চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জগ গুপ্তা শনিবার সকালে আইসিসি বোর্ডকে পাঠানো এক চিঠিতে জানান, বিসিবির দাবিগুলো আইসিসির নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং বোর্ডের সিদ্ধান্ত মানা হয়নি। এই পরিস্থিতিতে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দেশকে আমন্ত্রণ জানানো ছাড়া বিকল্প ছিল না। চিঠির অনুলিপি বিসিবি সভাপতি ও আইসিসি বোর্ড সদস্য আমিনুল ইসলামকেও পাঠানো হয়েছে।
ক্রিকবাজ আরও জানায়, বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কার্যত সময়ের ব্যাপার ছিল। শেষ পর্যন্ত সহযোগী দেশ স্কটল্যান্ডকেই বদলি দল হিসেবে চূড়ান্ত করা হয়। এ বিষয়ে ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দুবাই ও এডিনবরার মধ্যে এ নিয়ে যোগাযোগ হয়েছে বলে জানা গেছে।
এই পরিবর্তনের ফলে স্কটল্যান্ড গ্রুপ ‘সি’-তে খেলবে। গ্রুপ পর্বে তারা কলকাতায় ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলবে স্কটল্যান্ড।
প্রথম নিউজ২৪/মহা



