সিঙ্গাপুরকে বাইপাস করে বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে ভুটানসহ আশপাশের দেশে ইন্টারনেট সেবা দিতে চায় ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক। এ উদ্দেশ্যে গত ১৩ আগস্ট বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এ একটি চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে অনুমতি চেয়েছে প্রতিষ্ঠানটি।
চিঠিতে স্টারলিংক জানায়, তারা বাংলাদেশের ‘পয়েন্ট অব প্রেজেন্স’ (PoP) বা ডেটা হাবকে সিঙ্গাপুর ও ওমানের হাবের সঙ্গে সংযুক্ত করতে চায়। এই সংযোগের জন্য তারা আইপিএলসি (International Private Leased Circuit) ও আনফিল্টারড আইপি ব্যবহারের অনুমতি চেয়েছে।
স্টারলিংকের দাবি, এই সংযোগ শুধুমাত্র তাদের নিজস্ব নেটওয়ার্কের স্থিতিশীলতা, রেজিলিয়েন্সি ও রিডান্ডেন্সি নিশ্চিতে ব্যবহৃত হবে। এতে বাংলাদেশের অভ্যন্তরীণ বা স্থানীয় গ্রাহকদের কোনো ডেটা জড়িত থাকবে না।
বিটিআরসিকে পাঠানো চিঠিতে আরও বলা হয়, দেশের নিরাপত্তা, আইনগত নজরদারি ও কনটেন্ট নিয়ন্ত্রণ সম্পর্কিত সকল নীতিমালা কঠোরভাবে অনুসরণ করা হবে। স্থানীয় গ্রাহকদের ইন্টারনেট ট্র্যাফিক বিদ্যমান ইন্টারন্যাশনাল গেটওয়ের মাধ্যমেই পরিচালিত হবে।
এই প্রকল্প বাস্তবায়নে স্টারলিংক সরকার অনুমোদিত স্থানীয় প্রতিষ্ঠান ‘ফাইবার অ্যাট হোম’ এবং ‘বাংলাদেশ সাবমেরিন ক্যাবল’ থেকে আইপিএলসি সেবা নিতে চায়।
উল্লেখ্য, স্টারলিংক ২০২৫ সালের মে মাসে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে।



