বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন নারী ও পুরুষের পারিশ্রমিক বৈষম্য নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন। গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) এক অনুষ্ঠানের সাক্ষাৎকারে তিনি বলেন, একই কাজের জন্য সমান পারিশ্রমিক না পাওয়া স্পষ্টতই ‘লিঙ্গবৈষম্য’।
প্রথমসারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম কৃতি শ্যানন নিজের পরিশ্রমে জায়গা করে নিয়েছেন। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি আশাবাদী এবং বিশ্বাস করেন, বলিউডে ধীরে ধীরে পরিবর্তন আসছে। তার মতে, এখন বিষয়ভিত্তিক ও নারীকেন্দ্রিক ছবির চাহিদা বাড়ছে। তাই প্রযোজকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “নারীকেন্দ্রিক ছবিতেও ঝুঁকি নিতে হবে।”
উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ক্রু— যেখানে তার সঙ্গে ছিলেন কারিনা কাপুর খান ও টাবু। তিন নায়িকাকে কেন্দ্র করে নির্মিত ছবিটি প্রায় ১৫৭ কোটি রুপির ব্যবসা করেছিল।
কৃতি প্রশ্ন তোলেন, “সব ইন্ডাস্ট্রিতেই দেখি বেতনের এত পার্থক্য কেন? অনেক কাজেই তো নারী-পুরুষ কোনো বিষয় নয়। তাহলে সমান পারিশ্রমিক দেওয়া হবে না কেন?”
তিনি আরও বলেন, “নারীকেন্দ্রিক সিনেমার ক্ষেত্রেও বাজেট সবসময় কম ধরা হয়। কারণ প্রযোজকেরা নিশ্চিত নন যে এ ধরনের ছবি লাভজনক হবে কি না। এর ফলে একটা চক্র তৈরি হয়— নারীশিল্পীরা কম পারিশ্রমিক পান, কারণ ধারণা করা হয় তাদের ছবি কম ব্যবসা করবে।”
কৃতির মতে, এ ধারণা ভাঙতে হলে দর্শক, প্রযোজক ও ইন্ডাস্ট্রির সবার মানসিকতার পরিবর্তন প্রয়োজন।



