আসন্ন এশিয়া কাপ এবং তার আগে অনুষ্ঠিতব্য নেদারল্যান্ডস সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে জায়গা পেয়েছেন নুরুল হাসান সোহান, সাইফ হাসান ও নাসুম আহমেদ। তবে বাদ পড়েছেন ওপেনার নাঈম শেখ।
আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। এটি অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। মোট ১৯টি ম্যাচের মধ্যে ১১টি হবে দুবাইয়ে এবং বাকি ৮টি আবুধাবিতে।
গ্রুপ পর্বে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং (গ্রুপ ‘বি’)। অন্যদিকে গ্রুপ ‘এ’-তে আছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এবং ওমান।
বাংলাদেশ তাদের এশিয়া কাপ যাত্রা শুরু করবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবিতে। টুর্নামেন্টের ফাইনাল ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে।
ঘোষিত বাংলাদেশ দল
- লিটন দাস (অধিনায়ক)
- তানজিদ হাসান তামিম
- পারভেজ হোসেন ইমন
- সাইফ হাসান
- তাওহিদ হৃদয়
- জাকের আলী অনিক
- শামীম হোসেন
- নুরুল হাসান সোহান
- শেখ মেহেদী হাসান
- রিশাদ হোসেন
- নাসুম আহমেদ
- মোস্তাফিজুর রহমান
- তানজিম হাসান সাকিব
- তাসকিন আহমেদ
- শরিফুল ইসলাম
- সাইফউদ্দিন
স্ট্যান্ডবাই (শুধুমাত্র এশিয়া কাপের জন্য)
সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ।



