tanaka
প্রচ্ছদরাজধানীফার্মাসিস্টদের দশম গ্রেডের ফাইল ৭২ ঘণ্টায় ছাড়ার আহ্বান

ফার্মাসিস্টদের দশম গ্রেডের ফাইল ৭২ ঘণ্টায় ছাড়ার আহ্বান

ফার্মাসিস্টদের দীর্ঘদিনের দশম গ্রেডের দাবি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

তিনি বলেন, ফার্মাসিস্টদের দশম গ্রেডের উদ্যোগ বিএনপি সরকারের সময় নেওয়া হয়েছিল। ১৭ বছর ধরে তারা এ দাবি জানিয়ে এলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ-সংক্রান্ত ফাইল স্বাস্থ্য অধিদপ্তর থেকে ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর মহাখালীতে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১০১ শয্যায় উন্নীত করা হচ্ছে। সেখানে কতজন ফার্মাসিস্ট প্রয়োজন, সে অনুযায়ী জনবল কাঠামো নির্ধারণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর উদ্যোগ নিলে ৭২ ঘণ্টার মধ্যে বিষয়টির অগ্রগতি সম্ভব। অধিদপ্তর থেকে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হলে এক মাসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহসভাপতি অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী বলেন, দেশের স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে কোভিড-১৯ মহামারিসহ বিভিন্ন দুর্যোগে তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ফার্মাসিস্টদের দশম গ্রেডের দাবি দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান বলেন, উপজেলা হাসপাতালগুলো ১০১ ও ১৫০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রয়োজন অনুযায়ী ফার্মাসিস্ট নিয়োগ দিতে হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ফার্মাসিস্টদের উচ্চশিক্ষা ও পদোন্নতির সুযোগ সীমিত। একই পদে যোগদান করেও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের তুলনায় তারা বঞ্চিত হচ্ছেন। নার্সদের দশম গ্রেড বাস্তবায়িত হলেও ফার্মাসিস্টদের দাবি এখনো পূরণ হয়নি।

বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক নাছির উদ্দিন রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাবের নেতারা, বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ), মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) এবং সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা।

সভায় তৃণমূল পর্যায়ে ওষুধ সংরক্ষণব্যবস্থা শক্তিশালী করা, ফার্মাসিস্টদের নতুন পদ সৃষ্টি, দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং আইএইচটি শিক্ষার্থীদের আবাসন সংকট সমাধানের দাবি জানানো হয়।