রাজধানীর রাতের নগর ব্যবস্থাপনা ও নাগরিক সেবার বাস্তব অবস্থা সরেজমিনে দেখতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনকে সঙ্গে নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) গভীর রাতে প্রশাসককে সঙ্গে নিয়ে তিনি নিজেই গাড়ি চালিয়ে ঢাকার বিভিন্ন সড়ক ঘুরে দেখেন। এ সময় সড়কের অবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাত, সড়কবাতি, যান চলাচল এবং নগরসেবার সামগ্রিক চিত্র পর্যবেক্ষণ করেন তিনি।
জানা গেছে, পরিদর্শনের সময় বিভিন্ন স্থানে থেমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন প্রধানমন্ত্রী এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। রাতের বেলায় নগর ব্যবস্থাপনা কীভাবে পরিচালিত হচ্ছে এবং কোথায় কী ধরনের সমস্যা রয়েছে, তা সরাসরি দেখতেই এ আকস্মিক পরিদর্শন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্র আরও জানায়, নগরবাসীর ভোগান্তি কমাতে এবং সেবার মান উন্নত করতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। সেই লক্ষ্যেই মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে পবিত্র ঈদুল আজহার সময়ও রাতে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শনে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত সময়ের মধ্যে অপসারণে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়। দায়িত্ব পালনে গাফিলতির বিষয়ে সরকারের কঠোর অবস্থানের বার্তা হিসেবে ওই সিদ্ধান্ত ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।



