ইরানের হামলার পর সংহতি প্রকাশ করায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান । একই সঙ্গে তিনি সুবিধাজনক সময়ে সরকারি সফরে ঢাকা আসার আগ্রহ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকাস্থ ইউএই দূতাবাস জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে ইউএই প্রেসিডেন্ট কঠিন সময়ে বাংলাদেশের সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চিঠিতে ইরানের হামলায় ইউএইতে বসবাসরত দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন শেখ মোহাম্মদ। তিনি নিহতদের পরিবারের সদস্যদের পাশাপাশি বাংলাদেশের জনগণের প্রতিও সমবেদনা জানান।
এ ছাড়া অর্থনীতি, উন্নয়ন ও মানবিক সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ইউএই প্রেসিডেন্ট।
প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বাংলাদেশ সফরের আমন্ত্রণকে স্বাগত জানিয়ে শেখ মোহাম্মদ বলেন, সুবিধাজনক প্রথম সুযোগেই তিনি সরকারি সফরে বাংলাদেশে আসতে আগ্রহী। তার আশা, এ সফর দুই বন্ধুপ্রতিম দেশের বিদ্যমান সুদৃঢ় সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক সহযোগিতায় রূপ দিতে সহায়ক হবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, পারস্পরিক শ্রদ্ধা, ঘনিষ্ঠ বন্ধুত্ব এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতি অভিন্ন অঙ্গীকারের ভিত্তিতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দীর্ঘদিনের শক্তিশালী সম্পর্ক গড়ে উঠেছে।
সূত্র: বাসস



