tanaka
প্রচ্ছদজাতীয়বর্তমানে সহিংস কর্মকাণ্ডে জড়িতদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সহিংস কর্মকাণ্ডে জড়িতদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্দোলনের নামে যারা বর্তমানে সহিংস কর্মকাণ্ডে জড়াচ্ছে, তাদের উদ্দেশ্য ভিন্ন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন এখন চলমান নেই। শ্রমিকদের মূল দাবি ছিল মজুরি বোর্ড গঠন করা, ইতোমধ্যে সেই বোর্ড গঠন করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে গার্মেন্টস শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, মজুরি বোর্ড গঠনের দাবিতে শ্রমিকরা কখনো সড়ক-মহাসড়ক অবরোধ করেননি। তিনি আরও বলেন, গ্রেপ্তার হওয়া মুখোশধারীদের রাজনৈতিক স্লোগান দিতে দেখা গেছে।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং গার্মেন্টস শিল্পের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় শ্রমিক নেতারা নিজেদের বিভিন্ন দাবি ও সমস্যার বিষয়গুলো তুলে ধরেন।

এর আগে সোমবার সকালে সচিবালয়ে গার্মেন্টস মালিক নেতাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে নির্ধারিত সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের লক্ষ্যে রোববার (১ নভেম্বর) মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সোমবার বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হতে পারে। অন্যথায় খুব শিগগিরই সভা করে এ বিষয়ে আলোচনা শুরু করা হবে। সব পক্ষের মতামত নিয়ে যত দ্রুত সম্ভব শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ ও ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শ্রমিকদের স্বার্থ সুরক্ষা এবং জীবনমানের উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার পরামর্শ দিয়েছেন। শ্রমিকদের সমস্যাগুলো সহানুভূতির সঙ্গে বিবেচনা করে বাস্তব পরিস্থিতি ও সামগ্রিক অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে মজুরি নির্ধারণ করা হবে। এ নিয়ে অসন্তোষের কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।