tanaka
প্রচ্ছদজাতীয়পোশাক খাতের অস্থিরতায় আ.লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা: স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাক খাতের অস্থিরতায় আ.লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা: স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাক খাতে চলমান অস্থিরতার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সমর্থিত মালিক ও শ্রমিকদের দায়ী করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে তৈরি পোশাকশিল্পের মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ সংগঠনের পক্ষে বিভিন্নভাবে ইন্ধন জুগিয়ে শ্রমিকদের আন্দোলনে ব্যবহার করা হচ্ছে। আন্দোলনের আড়ালে ষড়যন্ত্রের মাধ্যমে শিল্প খাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের কঠোর হাতে দমন করা হবে। তাঁর দাবি, একটি মহল ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে শিল্পমালিকদের সহযোগিতা চাওয়া হয়েছে। শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে বন্ধ কারখানাগুলো খুলে দেওয়ার জন্য মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি যেসব কারখানা এখনো বন্ধ থাকবে, সেগুলোর তালিকা জমা দিতে বলা হয়েছে।

শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হবে। এ লক্ষ্যে সোমবার বিকেল ৩টায় শ্রমিক সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।