বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। নির্বাচন প্রক্রিয়ায় সরকারি হস্তক্ষেপ হলে বিসিবি ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ও বিসিবির কাউন্সিলর ইশরাক হোসেন।
রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তোলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ কয়েকজন ক্রিকেট সংগঠক। তারা অভিযোগ করেন, বিসিবি সভাপতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা, জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালকসহ সংশ্লিষ্টরা জেলা ও বিভাগীয় পর্যায়ে নিজেদের পছন্দমতো কাউন্সিলর মনোনয়নে চাপ দিচ্ছেন।
তামিম ইকবাল বলেন,
“বিসিবির সুষ্ঠু নির্বাচন হোক, এখানে সরকারি হস্তক্ষেপ কাম্য নয়। নির্বাচনের আগে কাউন্সিলরশিপে পরিবর্তন মেনে নেওয়া হবে না।”
ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের কাউন্সিলর ইশরাক হোসেন বলেন,
“বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপ বন্ধ না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে বিসিবি ঘেরাও করা হবে এবং রাজনৈতিকভাবেও মোকাবিলা করা হবে।”
আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। ইতোমধ্যে গঠিত তিন সদস্যের নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। কমিশনের অন্য দুই সদস্য হলেন সিআইডির অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব)।



