আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত—এমন মত দিয়েছেন দেশের ৮৬ দশমিক ৫ শতাংশ ভোটার। একই সঙ্গে ৯৪ দশমিক ৩ শতাংশ ভোটার জানিয়েছেন তারা ভোট দিতে আগ্রহী। তবে সংসদের আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি সম্পর্কে এখনো ৫৬ শতাংশ ভোটারের কোনো ধারণা নেই।
রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর দ্য ডেইলি স্টার ভবনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে ইনোভেশন কনসালটিং পরিচালিত ‘পিপলস ইলেকশন পালস সার্ভে, রাউন্ড–২’–এর প্রথম প্রতিবেদন প্রকাশ করা হয়।
ইনোভেশন কনসালটিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও জরিপের প্রধান সমন্বয়ক মো. রুবাইয়াত সরোয়ার জরিপের ফলাফল উপস্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
জরিপের মূল ফলাফল
অন্তর্বর্তী সরকারের কর্মদক্ষতা
- ৭৮ দশমিক ৭ শতাংশ অংশগ্রহণকারী সরকারের কার্যক্রমকে ‘ভালো’ বা ‘মধ্যম মানের’ হিসেবে মূল্যায়ন করেছেন।
- তবে তরুণ, শিক্ষিত ও নগরবাসীর মধ্যে সন্তুষ্টির হার তুলনামূলকভাবে কম।
নির্বাচন ও ভোট নিরাপত্তা
- ৬৯ দশমিক ৯ শতাংশ মনে করেন অন্তর্বর্তী সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে সক্ষম।
- ৭৭ দশমিক ৫ শতাংশ বিশ্বাস করেন তারা নিরাপদে ভোট দিতে পারবেন।
- তবে পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে তরুণ ও নগরবাসীর সংশয় বেশি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি
- ৫৬ দশমিক ৬ শতাংশ নাগরিক মনে করেন গত ছয় মাসে চাঁদাবাজি বেড়েছে।
- এ ধারণা নগর এলাকায় বসবাসকারী তরুণ ও উচ্চশিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে বেশি।
- তরুণ ও শিক্ষিতদের বড় অংশ তথ্যের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নির্ভরশীল।
নির্বাচনের সময়সূচি ও অংশগ্রহণ
- ৮৬ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের পক্ষে।
- ৯৪ দশমিক ৩ শতাংশ ভোট দিতে আগ্রহী।
- তবে শিক্ষার্থী, উচ্চশিক্ষিত ও কিছু পেশাজীবীর মধ্যে সময়সূচি নিয়ে আপত্তি তুলনামূলক বেশি।
নির্বাচনি সংস্কার
- সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি সম্পর্কে ৫৬ শতাংশ উত্তরদাতা অবগত নন।
- যারা জানেন, তাদের মধ্যে সমর্থনের হার বেশি।
- তরুণ ও উচ্চশিক্ষিতদের মধ্যে সচেতনতা ও সমর্থন তুলনামূলকভাবে বেশি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষক ড. সাইমুম পারভেজ, বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী এ কে এম ফাহিম মাশরুর, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রশনা ইমাম, এবং ব্রেইনের নির্বাহী পরিচালক শফিকুর রহমান।
জরিপ আয়োজন
আন্তর্জাতিক পরামর্শক, গবেষণা ও কারিগরি সহায়তাদানকারী প্রতিষ্ঠান ইনোভেশন কনসালটিং এ জরিপ পরিচালনা করেছে। তাদের উদ্যোগে চালু থাকা ‘পিপলস পারসেপশন অন ইলেকশন সার্ভে’ বাস্তবায়নে সহযোগিতা করছে ভয়েস ফর রিফর্ম ও বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক (ব্রেইন)।



