tanaka
প্রচ্ছদসারাদেশপ্রয়াত বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাইমেশিন উপহার দিল জামায়াত

প্রয়াত বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাইমেশিন উপহার দিল জামায়াত

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত ওয়ার্ড বিএনপি সভাপতি মো. সাইফুল ইসলামের বিধবা স্ত্রীকে স্বাবলম্বী করে তুলতে সেলাইমেশিন উপহার দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। পরিবারের আর্থিক সংকট মোকাবিলা ও জীবিকা নির্বাহের সুযোগ তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

মঙ্গলবার বিকেলে উপজেলার বনগ্রাম ইউনিয়নের উত্তর জামষাইট গ্রামে প্রয়াত সাইফুল ইসলামের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী ঝুমা আক্তারের হাতে সেলাইমেশিনটি তুলে দেন জামায়াতের স্থানীয় নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, বনগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক মাওলানা আবু ইছা, ইউনিয়ন প্রচার সেক্রেটারি হাফিজুর রহমান, ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মো. ইদ্রিস আলী, পেশাজীবী ইউনিয়নের সভাপতি মো. কামাল উদ্দিন, সমাজসেবক চেরাগ আলী ও মো. মিজানুর রহমানসহ স্থানীয় নেতারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রয়াত মো. সাইফুল ইসলাম বনগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুর পর পরিবারের আর্থিক সংকট লাঘব এবং স্ত্রীর আয়ের একটি পথ তৈরি করতে সেলাইমেশিন দেওয়ার উদ্যোগ নেয় জামায়াতে ইসলামী।

সেলাইমেশিন উপহার দেওয়ার পর প্রয়াত সাইফুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

সহযোগিতা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে ঝুমা আক্তার বলেন, তাঁর স্বামী বিএনপির ওয়ার্ড সভাপতি ছিলেন। তাঁদের পরিবার বিএনপির রাজনৈতিক সম্পৃক্ততা থাকা সত্ত্বেও জামায়াতে ইসলামী দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে তাঁদের পাশে দাঁড়িয়েছে।

তিনি বলেন, ‘আমার তিনটি মেয়ে রয়েছে। এমন সহযোগিতা আমার পরিবারের জন্য অনেক বড় প্রাপ্তি। মানুষের বিপদে পাশে দাঁড়ানোর ক্ষেত্রে কোনো দলীয় ভেদাভেদ থাকা উচিত নয়।’

জামায়াতে ইসলামীর এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানিয়ে ঝুমা আক্তার বলেন, সেলাইমেশিনটি তাঁর পরিবারের জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা করছেন।