আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা পাহারার ব্যবস্থা করবে বিএনপি। পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে বিএনপি, ছাত্রদল, যুবদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা এ দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিটির আহ্বায়ক ও দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
তিনি বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে বিএনপি প্রয়োজনীয় সহযোগিতা দেবে। ইতিমধ্যে বিভিন্ন জেলায় দলের নেতারা এ বিষয়ে উদ্যোগ নিয়েছেন। প্রতিটি ওয়ার্ডের পূজামণ্ডপে পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে স্থানীয় নেতাকর্মীরা কাজ করবেন।
খায়রুল কবির খোকন আরও বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বিএনপি নেতারা পূজা উদযাপন কমিটি ও পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করবেন। হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
বিএনপির এই নেতা বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের ধর্মীয় অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পক্ষে বিএনপি।
তিনি আরও উল্লেখ করেন, অতীতেও দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে বিএনপির নেতাকর্মীরা দায়িত্ব পালন করেছেন। এবারও একইভাবে পূজা উদযাপন কমিটি ও সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে।



