প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সশস্ত্র বাহিনীর তিন প্রধান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী দপ্তরে পৌঁছালে তাঁর সঙ্গে বৈঠক করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম।
এর আগে সকালে সচিবালয়ে পৌঁছালে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে এসে প্রধানমন্ত্রী এদিন ‘ফ্যামিলি কার্ড’ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশ নেন। সকালেই তিনি সচিবালয়ে প্রবেশ করেন।
উল্লেখ্য, বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিনি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন। এ বৈঠকের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে সচিবালয়ে নিজ দপ্তরে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেন তারেক রহমান। গত এক দশকেরও বেশি সময় ধরে মন্ত্রিসভা ও সচিবদের অধিকাংশ বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে আসছিল।
এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। পরে রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়।



