tanaka
প্রচ্ছদজাতীয়রমজানেই চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি

রমজানেই চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি

পবিত্র রমজান মাসে পরীক্ষামূলকভাবে (পাইলট প্রকল্প) চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড চালুর বিষয়টি বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে। কীভাবে এটি কার্যকর করা হবে, সে বিষয়ে সভায় আলোচনা হয়েছে। মূলত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েই আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।

কত পরিবার এই সুবিধা পাবে—এ প্রশ্নের জবাবে তিনি জানান, এটি একটি সার্বজনীন উদ্যোগ হিসেবে পরিকল্পনা করা হচ্ছে, যাতে কোনো কঠোর বিধিনিষেধ থাকবে না। তবে বাস্তবায়ন প্রক্রিয়া তদারকির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে হতদরিদ্র পরিবার দিয়ে কার্যক্রম শুরু করে পর্যায়ক্রমে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের দিকে বিস্তৃত করার চিন্তাভাবনা রয়েছে।

এটি রমজানেই শুরু হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে কার্যক্রম শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। কীভাবে এটি কার্যকরভাবে চালু করা হবে, সে বিষয়েই এখন বিস্তারিত পরিকল্পনা করা হচ্ছে।