tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশ‘পৃথিবীর যেখানেই যাই, সবচেয়ে প্রিয় জায়গা ঠাকুরগাঁও’: শামারুহ মির্জা

‘পৃথিবীর যেখানেই যাই, সবচেয়ে প্রিয় জায়গা ঠাকুরগাঁও’: শামারুহ মির্জা

নিজ জেলা ঠাকুরগাঁওয়ের মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে শামারুহ মির্জা। বাবার রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর আবেগঘন এক ফেসবুক পোস্টে তিনি ঠাকুরগাঁওয়ের সঙ্গে তাদের পরিবারের দীর্ঘ সম্পর্ক ও শৈশবের নানা স্মৃতি তুলে ধরেছেন।

শুক্রবার (১৪ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে শামারুহ মির্জা লিখেছেন, পৃথিবীর যেখানেই যান না কেন, যত সুন্দর জায়গাই দেখেন, প্রিয় জায়গার কথা জানতে চাইলে তার উত্তর থাকে ঠাকুরগাঁও।

শৈশবের স্মৃতিচারণ করে তিনি জানান, জিয়াউর রহমানের মৃত্যুর পর তার বাবা ঠাকুরগাঁওয়ে ফিরে আসেন। তখন তিনি ছিলেন ছোট। বোনের সঙ্গে বাড়ির লনে আশপাশের শিশুদের নিয়ে খেলাধুলা, শীতকালে ব্যাডমিন্টন, চাচাদের সঙ্গে দাবা খেলা এবং পড়াশোনার নানা স্মৃতি এখনো তার মনে গেঁথে আছে।

‘ঠাকুরগাঁও আমাদের পরিবারের আত্মার আত্মীয়’

শামারুহ মির্জার ভাষায়, ঠাকুরগাঁও শুধু তাদের নিজ জেলা নয়, বরং পরিবারের সবচেয়ে আপন জায়গাগুলোর একটি। এই জেলার মানুষ তাদের পরিবারের পাশে দীর্ঘদিন ধরে ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

বাবা যখন দেশজুড়ে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত ছিলেন, তখন ঠাকুরগাঁওয়ের বিএনপির নেতাকর্মীরা তাকে সহযোগিতা করেছেন বলে দাবি করেন শামারুহ। নির্বাচনী প্রচারণার সময় সাধারণ মানুষের কাছ থেকেও ব্যাপক সমর্থন পাওয়ার কথা স্মরণ করেন তিনি।

তিনি বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষ তাদের পরিবারের ওপর যে আস্থা রেখেছে, সেই আস্থার মর্যাদা মির্জা ফখরুল রেখেছেন। গত ছয় মাসে জেলায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সূচনা হয়েছে উল্লেখ করে সামনে আরও বড় কাজ করার প্রয়োজন রয়েছে বলেও তিনি জানান।

বাবার জন্য দোয়া চাইলেন শামারুহ

পোস্টের শেষদিকে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ার প্রসঙ্গ তুলে ধরে বাবার জন্য সবার কাছে দোয়া চান শামারুহ মির্জা।

তিনি লেখেন, বাবার এই নতুন দায়িত্বের সময়ে তার দাদা-দাদির কথা বিশেষভাবে মনে পড়ছে। মির্জা ফখরুল যেন জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের জন্য কাজ করতে পারেন—এ জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

ঠাকুরগাঁওয়ের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, তাদের পরিবার এই জেলার মানুষের কাছে যে ঋণে আবদ্ধ, তা কখনো পুরোপুরি শোধ করা সম্ভব নয়।