tanaka

এমকিউ-নাইন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের আকাশে একটি মার্কিন এমকিউ-নাইন রিপার ড্রোন শনাক্ত করে ধ্বংস করার দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শুক্রবার (১৪...
প্রচ্ছদশিক্ষাঙ্গনফেসবুক পোস্ট ঘিরে রাবির দুই শিক্ষার্থীর পালটাপালটি অভিযোগ

ফেসবুক পোস্ট ঘিরে রাবির দুই শিক্ষার্থীর পালটাপালটি অভিযোগ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘জুলাই ব্যবসায়ী’ ও ‘হাদি ব্যবসায়ী’ উল্লেখ করে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থী পরস্পরের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করেছেন। একই সঙ্গে নিজেদের নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন তারা।

ঘটনার শুরুতে গত বুধবার (১২ আগস্ট) ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সিফাত হোসেন একই বিভাগের শিক্ষার্থী ও ‘মঞ্চ ২৪’-এর কেন্দ্রীয় আহ্বায়ক ফাহিম ফারুকীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। এর পরদিন বৃহস্পতিবার ফাহিম ফারুকীও সিফাতের বিরুদ্ধে পালটা অভিযোগ করেন।

ফাহিমের অভিযোগ

প্রক্টরের কাছে দেওয়া অভিযোগে ফাহিম ফারুকী দাবি করেন, সিফাত সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে উদ্দেশ করে গালিগালাজ, মানহানিকর ও চরিত্রহননমূলক বক্তব্য দিয়েছেন। একই সঙ্গে তাকে আক্রমণ বা ক্ষতি করার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ফাহিম আরও দাবি করেন, সামাজিক ও নাগরিক বিভিন্ন বিষয়ে সক্রিয় থাকার কারণে এর আগেও তিনি হুমকি ও নিরাপত্তাজনিত উদ্বেগের মুখে পড়েছেন। সিফাতের সঙ্গে শ্রেণিকক্ষেও আগে মতবিরোধ হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।

সিফাতের পালটা অভিযোগ

অন্যদিকে ফাহিমের বিরুদ্ধে অভিযোগে সিফাত বলেন, কয়েক দিন আগে তিনি নিজের ফেসবুক প্রোফাইলে ‘জুলাই ব্যবসায়ী ও হাদি ব্যবসায়ী’ লিখে একটি পোস্ট দেন। সেখানে কোনো নির্দিষ্ট ব্যক্তি, সংগঠন বা পেজের নাম উল্লেখ করা হয়নি বলে দাবি তার।

সিফাতের অভিযোগ, পোস্টটি প্রকাশের পর থেকেই তিনি বিভিন্নভাবে হুমকি পেতে থাকেন। ফাহিম তার বিরুদ্ধে ১০ লাখ টাকার মানহানির মামলা করার কথা বলেছেন এবং তাকে ‘যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে’ বলেছেন বলেও অভিযোগ করেন তিনি।

এ ছাড়া ডিজিএফআই ও এনএসআইকে দিয়ে বাসা থেকে তুলে নেওয়া এবং ‘বর্তমান প্রশাসন আমার পকেটে’—এ ধরনের বক্তব্য দেওয়ার অভিযোগও করেছেন সিফাত।

তবে সিফাতের এসব অভিযোগ অস্বীকার করেছেন ফাহিম। তিনি বলেন, ঘটনার পর থেকে বেনামি নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে এবং নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই তিনি লিখিত অভিযোগ করেছেন।

সিফাতও তার বিরুদ্ধে হুমকির অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি শুধু জুলাই ও হাদি নিয়ে যারা ‘ব্যবসা’ করছে বা বিষয়গুলোর অপব্যবহার করছে, তাদের সমালোচনা করে পোস্ট দিয়েছিলেন। পোস্টে নেতিবাচক কিছু শব্দ থাকায় পরে সেটি মুছে দেন বলেও জানান তিনি।

ঘটনা যাচাই করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান, দুই শিক্ষার্থীর কাছ থেকেই পৃথক লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলোর সত্যতা যাচাই করতে উভয়ের বক্তব্য শোনা হবে।

তিনি বলেন, ফাহিম ফারুকী বর্তমানে রাজশাহীর বাইরে রয়েছেন। তিনি ফিরে এলে দুই শিক্ষার্থীকে ডেকে তাদের বক্তব্য নেওয়া হবে। এরপর বিষয়টি আরও পরিষ্কার হবে।