বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা একটি লকার (নং-১২৮) জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবীব। তিনি জানান, সেনা কল্যাণ ভবনে অবস্থিত এই লকারের দুটি চাবির একটি শেখ হাসিনার কাছে রয়েছে। সিআইসির একটি দল লকারটি জব্দ করেছে এবং বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
এনবিআরের একটি সূত্র জানায়, লকারে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র থাকতে পারে। তবে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লকারটি জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করেই সেটি খোলা হবে।



