লিওনেল মেসিকে ছাড়াই ইকুয়েডরের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। তবে বিশ্বচ্যাম্পিয়নরা সুবিধা করতে না পেরে ১০ জনের দলে পরিণত হয়ে ১-০ গোলে হেরে যায়। এ হার দিয়েই শেষ হলো তাদের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের অভিযান।
গায়াকিলের মাঠে বিকল্প একাদশ নিয়ে নামে আলবিসেলেস্তেরা। মেসি ছাড়াও বিশ্রামে ছিলেন হুলিয়ান আলভারেজ ও ক্রিশ্চিয়ান রোমেরোর মতো তারকারা। কিন্তু সুযোগ পাওয়া খেলোয়াড়রা নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হন।
মেসির অনুপস্থিতিতে অধিনায়কত্বে ছিলেন নিকলাস অটামেন্ডি। কিন্তু প্রথমার্ধেই এনার ভ্যালেন্সিয়াকে ফাউল করে লাল কার্ড দেখেন তিনি। যোগ করা সময়ে ভিএআরের সহায়তায় পাওয়া পেনাল্টি থেকে ভ্যালেন্সিয়া গোল করে ইকুয়েডরকে এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধে ইকুয়েডরের মোইসেস কাইসেডোও লাল কার্ড দেখেন। তবু সংখ্যাগত সমতা কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা। জিওভানি লো চেলসোর একটি সুযোগ নষ্ট হয়। শেষ দিকে ভ্যালেন্সিয়া আরেকটি গোলের সুযোগ পেলেও এমিলিয়ানো মার্তিনেজ দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন।
শেষ পর্যন্ত ১-০ ব্যবধানেই হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়ে স্কালোনির দল।



