দীপিকা পাড়ুকোন ও পরিচালক সন্দীপ রেড্ডি বাঙ্গার দ্বন্দ্বের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। সন্দীপের পরিচালনায় নির্মিত ‘স্পিরিট’ থেকে দীপিকার সরে দাঁড়ানোকে ঘিরে বিতর্কের মধ্যেই নতুন দাবি করেছেন পরিচালকের ভাই প্রণয় রেড্ডি বাঙ্গা।
প্রণয়ের দাবি, ‘স্পিরিট’-এর জন্য প্রতিদিন আট ঘণ্টা কাজের পাশাপাশি সিনেমার লভ্যাংশের ১০ শতাংশ চেয়েছিলেন দীপিকা। তবে তাঁর এই দাবিতে সম্মত হননি সন্দীপ। শেষ পর্যন্ত এ কারণেই অভিনেত্রী সিনেমাটি থেকে সরে দাঁড়ান বলে দাবি করেছেন প্রণয়।
এরই মধ্যে সন্দীপকে কটাক্ষ করে এবং ‘পুরুষতান্ত্রিক মানসিকতা’র সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে দীপিকার ‘লাইক’ দেওয়ার বিষয়টি নজরে এসেছে।
২১ আগস্ট এক তারকা সাংবাদিকের করা ওই পোস্টে বলা হয়, একজন অভিনেত্রী সিনেমার লভ্যাংশ দাবি করায় বিষয়টি ‘পুরুষ মন’ মেনে নিতে পারেনি। পোস্টটিতে আরও ইঙ্গিত করা হয়, একজন নারী প্রস্তাব প্রত্যাখ্যান করায় পুরুষতান্ত্রিক মানসিকতায় আঘাত লেগেছে।
পোস্টটিতে আলায়া এফ, রিয়া কপূরসহ অনেকেই ‘লাইক’ দিয়েছেন। তাঁদের তালিকায় দীপিকার নামও দেখা যায়। বিষয়টি নিয়ে অনুরাগীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
তবে প্রণয় রেড্ডি বাঙ্গার অভিযোগ নিয়ে দীপিকা এখনো সরাসরি কোনো মন্তব্য করেননি। এর আগে ‘স্পিরিট’-এর শুটিংয়ের সময়সীমা ও দৈনিক কাজের সময় নিয়ে নিজের অবস্থান জানিয়েছিলেন তিনি। সিনেমা থেকে সরে দাঁড়ানো নিয়ে ওঠা সব অভিযোগের অবশ্য জবাব দেননি অভিনেত্রী।
২০২৫ সালের এক সাক্ষাৎকারে দীপিকা বলেছিলেন, জীবনের লড়াই তিনি নীরবে ও মর্যাদার সঙ্গে মোকাবিলা করতে শিখেছেন।
দীপিকা সরে দাঁড়ানোর পর ‘স্পিরিট’-এ প্রভাসের বিপরীতে অভিনয়ের জন্য যুক্ত হয়েছেন তৃপ্তি ডিমরি। সিনেমাটি ২০২৭ সালের মার্চে মুক্তি পাওয়ার কথা রয়েছে।



