বিদেশগামী যাত্রীদের পাসপোর্টে বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্টের ক্ষেত্রে সার্ভিস চার্জ বা ফি নির্ধারণ করে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ী, এখন থেকে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জাররা এনডোর্সমেন্ট ফি বাবদ সর্বোচ্চ ৩০০ টাকা আদায় করতে পারবে।
বুধবার (৭ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জাররা বিদেশে গমনকারী বাংলাদেশি নাগরিকদের বার্ষিক ভ্রমণ কোটার বিপরীতে বৈদেশিক মুদ্রা নোট, কয়েন ও ট্রাভেলার্স চেক (টিসি) বিক্রি করতে পারবে। প্রতিটি বিক্রির তথ্য সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট ও বিমান টিকিটে যথাযথভাবে এনডোর্সমেন্ট করতে হবে এবং এতে মানি চেঞ্জারের অনুমোদিত ব্যক্তির সিল ও স্বাক্ষর থাকা বাধ্যতামূলক।
নির্দেশনায় আরও বলা হয়েছে, এনডোর্সমেন্ট প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত এবং গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত বা খেয়ালখুশিমতো চার্জ আদায় বন্ধে কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে। এর মধ্যে এনডোর্সমেন্ট ফি হিসেবে বৈদেশিক মুদ্রার পরিমাণ নির্বিশেষে সর্বোচ্চ ৩০০ টাকার বেশি আদায় করা যাবে না। পাশাপাশি প্রতিটি মানি চেঞ্জারকে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে নির্ধারিত এনডোর্সমেন্ট ফি সংক্রান্ত চার্ট বা তালিকা প্রদর্শন করতে হবে।
এ ছাড়া গ্রাহকের কাছ থেকে ফি গ্রহণের পর অবশ্যই লিখিত রসিদ প্রদান করতে হবে এবং নিরীক্ষা ও নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনে প্রতিটি প্রতিষ্ঠানকে ফি আদায়ের সঠিক হিসাব ও সংশ্লিষ্ট নথিপত্র সংরক্ষণ করতে হবে।
উল্লেখ্য, এর আগে গত বছরের মে মাসে ব্যাংকগুলোর জন্য একই ধরনের নির্দেশনা জারি করেছিল বাংলাদেশ ব্যাংক।



