tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদরাজনীতিতারেক রহমানের সফর ঘিরে চাঙ্গা উত্তরাঞ্চল বিএনপি

তারেক রহমানের সফর ঘিরে চাঙ্গা উত্তরাঞ্চল বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পৈতৃক জেলা বগুড়াসহ উত্তরাঞ্চলের ৯টি জেলা সফরে যাচ্ছেন। আগামী রোববার (১১ জানুয়ারি) সড়কপথে শুরু হওয়া চার দিনের এই সফর শেষ হবে ১৪ জানুয়ারি। সফরের আওতাভুক্ত জেলাগুলো হলো—টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট।

সফর ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে ইতোমধ্যে চিঠি দিয়েছে বিএনপি। একই সঙ্গে নির্বাচন কমিশনের ঘোষিত নির্বাচনী আচরণবিধি যেন কোনোভাবেই লঙ্ঘিত না হয়, সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের কথা জানিয়েছে দলটি।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এই সফর মূলত ধর্মীয় ও সামাজিক কর্মসূচিকেন্দ্রিক। সফরকালে তারেক রহমান মওলানা আবদুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ, তৈয়বা মজুমদারসহ জুলাই আন্দোলনের শহীদ ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করবেন। পাশাপাশি সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন। আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গেও তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর নেতাকর্মীরা এখনো শোকাহত। দীর্ঘদিন পর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সফর ঘিরে উত্তরাঞ্চলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সফর উপলক্ষে জেলাগুলোতে প্রস্তুতি সভা ও সমন্বয় সভা চলছে।

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। এর কয়েক দিনের মধ্যেই তিনি মাকে হারান। সেই শোককে শক্তিতে রূপান্তর করে ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হয়েছেন তিনি। বর্তমানে তিনি নিয়মিত গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দাপ্তরিক কাজ করছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সাক্ষাৎ করছেন। এই সফরেই প্রথমবারের মতো তিনি ঢাকার বাইরে যাচ্ছেন। সফরের সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন গণিউল আজমকে।

সফরসূচি অনুযায়ী, ১১ জানুয়ারি সকালে গুলশানের বাসা থেকে রওনা হয়ে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় পৌঁছাবেন তারেক রহমান। সেখানে তিনি রাতযাপন করবেন। ১২ জানুয়ারি বগুড়া থেকে রংপুরের পীরগঞ্জ হয়ে দিনাজপুর ও ঠাকুরগাঁও যাবেন। ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফর শেষে রংপুরে রাতযাপন করবেন। ১৪ জানুয়ারি রংপুর থেকে বগুড়ার গাবতলী হয়ে ঢাকায় ফিরবেন।

তারেক রহমান এবার ঢাকা-১৭ আসনের পাশাপাশি বগুড়া-৬ আসন থেকেও নির্বাচন করছেন। দেশে ফেরার পর নির্বাচনী এলাকায় এটি হবে তার প্রথম সফর। এ উপলক্ষে বগুড়ায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দলীয় কার্যালয় সাজানো হচ্ছে, সংস্কার করা হচ্ছে তার ব্যবহারের জন্য নির্ধারিত কক্ষ। খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় গণদোয়ার আয়োজন করা হয়েছে বগুড়া সেন্ট্রাল হাইস্কুল মাঠে।

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জানান, দীর্ঘদিন পর তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এদিকে ঠাকুরগাঁও সফরকে ঘিরেও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। জেলা বিএনপির নেতারা জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং খালেদা জিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নিতেই তারেক রহমান ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন। ১২ জানুয়ারি রাতে তিনি সেখানে পৌঁছে গেস্ট হাউসে রাতযাপন করবেন। পরদিন সকালে শহীদ আল মামুনের কবর জিয়ারত শেষে স্মরণসভায় অংশ নিয়ে পঞ্চগড়ের উদ্দেশে রওনা হবেন।

রংপুর জেলা বিএনপির নেতারা জানান, তারেক রহমানকে বরণে প্রস্তুতি থাকলেও নির্বাচনী আচরণবিধি বিবেচনায় বড় কোনো রাজনৈতিক আয়োজন করা হচ্ছে না।

সিরাজগঞ্জে সফরের শুরুতেই যমুনা সেতুর পশ্চিম পাড়সংলগ্ন বিসিক শিল্প পার্কে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান।