tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশপাটগ্রামে যুবকের মৃত্যুকে ঘিরে সড়ক অবরোধ, যুবদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

পাটগ্রামে যুবকের মৃত্যুকে ঘিরে সড়ক অবরোধ, যুবদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

লালমনিরহাটের পাটগ্রামে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিহত যুবকের মরদেহ সড়কে রেখে প্রায় সাড়ে তিন ঘণ্টা বুড়িমারী স্থলবন্দর–লালমনিরহাট মহাসড়ক অবরোধ করেন স্বজন ও স্থানীয়রা। পরে প্রশাসনের আশ্বাস ও মামলা দায়েরের পর অবরোধ তুলে নেওয়া হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পাটগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বানিয়াপাড়া রসুলগঞ্জ এলাকার ফিরোজ হোসেনের সঙ্গে তার বড় ভাই ফেরদৌস হোসেনের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত শনিবার বাড়ির পাশের একটি গাছ কাটাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

ঘটনার পর বিরোধ মীমাংসার জন্য স্থানীয়ভাবে একটি সালিশ বসে। স্থানীয়দের একটি পক্ষের দাবি, ওই সালিশে পৌর যুবদলের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সামলু ইসলাম ফিরোজকে অপমান ও মারধর করেন। এরপর মানসিক কষ্টে ফিরোজ বিষপান করেন বলে অভিযোগ ওঠে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তবে নিহতের পরিবারের অভিযোগ, সালিশের কয়েক ঘণ্টা পর সামলু ইসলাম, তার ভাই শাহিন ইসলাম ও শাহিনের ছেলে তুহিন ইসলাম বাড়িতে গিয়ে ফিরোজকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

ফিরোজের মৃত্যুর পর সোমবার ময়নাতদন্ত শেষে মরদেহ বাড়িতে আনা হলে বিচার দাবিতে স্বজন ও এলাকাবাসী বুড়িমারী স্থলবন্দর–লালমনিরহাট মহাসড়কের আন্তজেলা মোড়ে অবস্থান নেন। এ সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে রাত সাড়ে ৯টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।

এ ঘটনায় নিহতের ভাই ফেরদৌস ইসলাম বাদী হয়ে পাটগ্রাম থানায় মামলা করেছেন। মামলায় শাহিন ইসলাম, সামলু ইসলাম ও তুহিন ইসলামের বিরুদ্ধে অনধিকার প্রবেশ, মারধর, আত্মহত্যায় প্ররোচনা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানিয়েছেন, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।