বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমাধ্যমে ভার্চ্যুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে নয়াদিল্লি।
মঙ্গলবার (৪ আগস্ট) দিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।
নয়াদিল্লিতে ৫ আগস্ট অনুষ্ঠিতব্য একটি অনুষ্ঠানে শেখ হাসিনার অংশগ্রহণের বিষয়ে ভারতের ভূমিকা আছে কি না—এমন প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ওই আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই।
তিনি বলেন, “আপনি যে অনুষ্ঠানের কথা বলছেন, সেটি একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠান আয়োজন করছে। এর সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। অনুষ্ঠানে প্রকাশিত মতামত বা বক্তব্যকেও সরকার অনুমোদন বা সমর্থন করে না।”
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, নয়াদিল্লিতে ফরেইন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার (এফসিসি) আয়োজিত ওই অনুষ্ঠানে শেখ হাসিনার ভার্চ্যুয়াল ভাষণ দেওয়ার বিষয়েও ভারত সরকারের কোনো ভূমিকা নেই।
গত বছর ঢাকা ছাড়ার পর থেকে ভারতে অবস্থানরত শেখ হাসিনার ওই অনুষ্ঠানে অংশ নেওয়ার খবর প্রকাশের পর বাংলাদেশ এ বিষয়ে ভারতের কাছে উদ্বেগ জানিয়েছে।
ঢাকার পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের আয়োজন দুই দেশের সাম্প্রতিক ইতিবাচক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এর আগে সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।



